Cricket : টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না বাংলাদেশ !
কিউ ইন্ডিয়া বাংলা:- নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ । ভারতে বিশ্বকাপ তারা খেলতে আসছে না তারা জানিয়ে দিল তারা। আইসিসি কি সিদ্ধান্ত নেয় তার ওপরে অপেক্ষা করে থাকবে বাংলাদেশ । আজ ২২ শে জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড় ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বৈঠকের পর নজরুল বলেন, “বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমরা সকলেই চেয়েছি, আমরা যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ, এই সুযোগ আমরা কষ্ট করে অর্জন করেছি। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি। নিরাপত্তার যে আশঙ্কা তৈরি হয়েছে তা কোনও বায়বীয় বিশ্লেষণ থেকে হয়নি। এটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। আমাদের এক জন সেরা ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত থেকে বার করে দিতে বলেছে। মুস্তাফিজুরকে কেকেআর থেকে ছাঁটাই করার কথা পরোক্ষ ভাবে বলেছেন নজরুল । বিশ্বকাপ তো সেখানেই হচ্ছে।”
আরও এক বার আইসিসির কোর্টে বল ঠেলেছে বাংলাদেশ। নজরুলের আশা আইসিসি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তিনি বলেন, “আইসিসি আমাদের সুবিচার করেনি। আশা করি আইসিসি সুবিচার করবে। আমাদের শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার অনুমতি দেবে।
বিশ্বকাপ বয়কট করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিবিকে। তার পরেও নিজেদের অবস্থানে অনড় তারা । নজরুল স্পষ্ট করে দিয়েছেন, “আর্থিক ক্ষতির থেকেও দেশের ক্রিকেটার, সমর্থক ও গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে তেমন কোনও দেশে আমরা দল পাঠাব কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে আমাদের দেশের সরকারের। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারতে আমরা খেলতে যাব না।
এবার আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত মেনে বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপে খেলার অনুমতি দেয় নাকি স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার অনুমতি দেয় সেটাই এখন দেখার ।
