আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

CPIM-Maldaha : মাঠ না পেয়ে রাস্তায় সিপিআইএমের সমাবেশ, মালদায় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মাঠ না পেয়ে শেষ পর্যন্ত রাস্তাতেই জেলা সমাবেশ করতে হল সিপিআই(এম)-কে। শনিবার মালদা শহরের রথবাড়ি মোড়ে রাস্তা অবরোধ করে সভা করে সিপিআইএম। সভা শেষে শহর জুড়ে প্রতিবাদ মিছিলও করে দলটি।

শুক্রবার দুপুরে ফেসবুকে এক বার্তায় সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র অভিযোগ করেন, প্রশাসনের অসহযোগিতা ও পক্ষপাতদুষ্ট আচরণের কারণে নির্ধারিত বৃন্দাবনী মাঠে সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিআইএম। আদালতের নির্দেশে মালদা কলেজের মাঠে সভা করার অনুমতি মিললেও, শনিবার সমাবেশের দিন সেই মাঠও পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপর বাধ্য হয়েই রথবাড়ি মোড়ে রাস্তায় সভা করার সিদ্ধান্ত নেয় দলটি। সিপিআইএম নেতৃত্বের দাবি, প্রশাসনের হাজারো বাধা সত্ত্বেও সমাবেশ আটকানো যায়নি। মানুষের ঢল নামায় রথবাড়ি এলাকা ছাড়িয়ে যায় জমায়েত। ফ্লাইওভারের উপরেও দাঁড়িয়ে বহু মানুষ সভা শোনেন।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলীয় নেত্রী মীনাক্ষী মুখার্জি, শতরূপঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শতরূপ ঘোষ বলেন, “হাজার চেষ্টা করেও পুলিশ এই সমাবেশ আটকাতে পারেনি, কারণ মানুষ আমাদের সঙ্গে ছিল। মানুষ পাশে থাকলে কাল বিধানসভায় যাওয়াও আটকানো যাবে না।” তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, “২০১৬ সালে মালদায় তৃণমূল একটি আসনও জেতেনি। লড়াই আজ থেকেই শুরু। প্রথম কাজ নিজের বুথ জেতা।”

মীনাক্ষী মুখার্জি বলেন, “রাস্তা কারোর বাপের নয়। আমরা রাস্তাতেই থাকব। লাল ঝান্ডা মানুষের কথা বলবে।” তিনি অভিযোগ করেন, মালদা জেলায় মা-বোনেরা মাইক্রোফিনান্সের ঋণের জালে জর্জরিত। সেই সমস্যার বিরুদ্ধে সিপিআইএম কথা বলবে বলেই প্রশাসন মাঠ দেয়নি। প্রশাসন তৃণমূলের দালালি করছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা ভোটের কথা উল্লেখ করে প্রশাসনকে সতর্কবার্তা দেন।

বিজেপিকে আক্রমণ করে মীনাক্ষী বলেন, মালদা ও মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য হামলার শিকার হচ্ছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সবশেষে বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, “ভোট এলেই বলে খেলা হবে, কিন্তু আমাদের মাঠ দেওয়া হয় না। মাঠ না দিলে রাস্তায় খেলা হবে।” তিনি বলেন, সিপিআইএম রাস্তা অবরোধ করতে চায়নি, এর জন্য দায়ী প্রশাসন ও শাসক দলের নেতারা। থানার আইসি থেকে শুরু করে আইএএস—সবাই দলদাস হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশ ঘিরে গোটা মালদা শহর জুড়ে উত্তেজনা ছড়ায়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিপিআইএম নেতৃত্ব জানায়, আগামী দিনেও তারা এই আন্দোলন জারি রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *