দেবের অনুরোধে ৭০০০ কলাকুশলীর জন্য ‘স্বাস্থ্যসাথী’ বিমার ঘোষণা মুখ্যমন্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: রাজনীতির ময়দানে তিনি বরাবরই সৌজন্যের প্রতীক। আর রূপোলি পর্দায় তাঁর মহানুভবতার কথা বারবার চর্চার শিরোনামে উঠে আসে। এবার টলিউডের নেপথ্য কারিগর অর্থাৎ টেকনিশিয়ানদের জন্য বড় উপহার নিয়ে এলেন সাংসদ-অভিনেতা দেব। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় যাঁরা আড়ালে থেকে কাজ করেন, সেই ৭০০০-এরও বেশি কলাকুশলীর জন্য এবার চালু হচ্ছে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা।
টলিউড স্টুডিওপাড়ায় টেকনিশিয়ানদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা বা মেডিক্লেমের দাবি দীর্ঘদিনের। সেই অভাব পূরণ করতেই ব্যক্তিগতভাবে উদ্যোগী হন দেব। টেকনিশিয়ানরা যাতে সরকারি ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আসতে পারেন, সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন তিনি। তারকা সাংসদের সেই আবেদনে ইতিবাচক সাড়া দিয়ে দ্রুত সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির প্রতিলিপি শেয়ার করে এই সুখবর ভাগ করে নেন দেব। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।” আগামী ১৭ই মার্চ বিশেষ ক্যাম্প।
শুধুমাত্র ঘোষণাতেই থেমে থাকেননি দেব, প্রক্রিয়াটি যাতে দ্রুত সম্পন্ন হয় তার ব্যবস্থাও করেছেন তিনি।
তারিখ: ১৭ই মার্চ (রবিবার)
স্থান: টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও
কর্মসূচি: স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন ক্যাম্প।
আগামী ১৭ তারিখ সকাল থেকেই এই ক্যাম্প শুরু হবে। নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সমস্ত টেকনিশিয়ানদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন অভিনেতা।
ফেডারেশনের কর্মী থেকে শুরু করে সাধারণ মেকআপ আর্টিস্ট, লাইটম্যান বা স্পটবয়— দেবের এই উদ্যোগে প্রত্যেকেই আপ্লুত। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মানুষগুলোর স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্টুডিওপাড়ায় এখন উৎসবের মেজাজ। পর্দার হিরো যে বাস্তবের মাটিতেও তাঁদের ‘মসিহা’ হয়ে উঠলেন, তা মেনে নিচ্ছেন সকলেই।
