বারাণসীতে ক্যাম্পাসেই সহপাঠীকে গুলি করে ‘খুন’
কিউ ইন্ডিয়া বাংলা, বারাণসী: দিনের আলোয় ভরা কলেজ ক্যাম্পাসের ভেতর এক ছাত্রকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁরই এক সহপাঠীর বিরুদ্ধে। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সূর্য প্রতাপ সিং। এদিন সকালে কলেজের করিডোরেই ঘোরাঘুরি করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সেই সময় মনজিৎ চৌহান নামে এক ছাত্র আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। প্রথম গুলিটি সূর্যের মাথায় লাগে এবং পরেরটি তাঁর বুক ফুঁড়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় করিডোরেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত মনজিৎ। গুরুতর জখম অবস্থায় সূর্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। ক্ষুব্ধ পড়ুয়ারা ব্যাপক ভাঙচুর শুরু করেন। সূত্রের খবর, উত্তেজিত জনতার রোষে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিনটি গাড়ি। এমনকি একজন শিক্ষকের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল সশরীরে ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি সামাল দিতে বড়সড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ছেলের অকালমৃত্যুতে শোকে পাথর সূর্য প্রতাপের পরিবার। তাঁর বাবার দাবি অত্যন্ত কঠোর। তিনি স্পষ্ট জানিয়েছেন, “যতক্ষণ না দোষীকে খতম করা হচ্ছে, ততক্ষণ ছেলের শেষকৃত্য সম্পন্ন করব না।”
বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল জানিয়েছেন, ”প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করতে তল্লাশি চালানো হচ্ছে। দোষীকে কোনোভাবেই রেয়াত করা হবে না, কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।” পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং অভিযুক্ত মনজিতের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। ক্যাম্পাসে বর্তমানে চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
