আজকের দিনেভারত

Budget26-Tobacco : বাজেটের দিনই তামাকজাত পণ্যে বড় ধাক্কা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কেন্দ্রীয় বাজেটের দিন থেকেই এক ধাক্কায় অনেকটাই বাড়ছে বিড়ি, সিগারেট, গুটকা-সহ বিভিন্ন তামাকজাত পণ্যের দাম। গত কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন, তা আজ থেকেই কার্যকর হচ্ছে। এর ফলে সিগারেট থেকে শুরু করে গুটকা, পানমশলা—সবকিছুর দামেই পড়ছে সরাসরি প্রভাব।

নরেন্দ্র মোদি সরকার বিড়ি-সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যকে ‘পাপ পণ্য’ হিসেবে চিহ্নিত করেছে। জিএসটি-র নতুন কাঠামোয় এই পণ্যগুলিই হতে চলেছে সবচেয়ে বেশি করের আওতাভুক্ত। এই তালিকায় রয়েছে তামাক, গুটকা, পানমশলা, মদ এবং কোল্ড ড্রিঙ্কের মতো সামগ্রী। গত ডিসেম্বর মাসে সংসদে দুটি আলাদা বিল পাশ হয়। সেই বিলের মাধ্যমেই পানমশলা উৎপাদনে নতুন সেস এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি বসানোর রাস্তা তৈরি হয়।

নতুন কাঠামো অনুযায়ী, সিগারেটের উপর ৪০ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন সেস ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’। পাশাপাশি বসছে অতিরিক্ত এক্সাইজ ডিউটি। আগে ২৮ শতাংশ জিএসটির সঙ্গে ক্ষতিপূরণ সেস মিলিয়ে মোট করের পরিমাণ ছিল প্রায় ৫৩ শতাংশ। এবার জিএসটি বৃদ্ধি ও একাধিক শুল্ক যোগ হওয়ায় মোট করের হার আরও বেড়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বাজারে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম অনেকটা বাড়ছে।

নতুন কর কাঠামোর জেরে সিগারেটের সম্ভাব্য মূল্যবৃদ্ধি হতে পারে ছোট নন-ফিল্টারড সিগারেটে (৬৫ মিমি পর্যন্ত) প্রায় ২ টাকা, ছোট ফিল্টারড সিগারেটে ২ টাকার কিছু বেশি, মাঝারি সিগারেটে ৩.৫ থেকে ৪ টাকা পর্যন্ত। বড় সিগারেটের ক্ষেত্রে দাম বাড়তে পারে ৫ টাকারও বেশি। কিং সাইজ ও বিশেষ ডিজাইনের সিগারেটে সর্বোচ্চ প্রায় ৮.৫ টাকা পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গুটকা, পানমশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের উপর করের হার যথাক্রমে ৯১ শতাংশ ও ৮৮ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। যদিও বিড়ির ক্ষেত্রে জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে, তবুও সামগ্রিকভাবে তামাকজাত পণ্যের উপর করের চাপ বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ক্রেতার পকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *