আজকের দিনেবাংলার আয়না

ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেলের অভিযোগ, তরুণীর মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সোশাল মিডিয়ার মাধ্যমে পরিচয়, তারপর প্রেম শেষ পর্যন্ত ব্ল্যাকমেল ও মর্মান্তিক পরিণতি। বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাত্রসায়ের থানার অন্তর্গত এলাকায় ২৩ বছরের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, প্রায় তিন মাস আগে সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। যুবক নিজেকে ‘জিতু ঘোষ’ নামে পরিচয় দেয় এবং দাবি করে সে পেশায় সেনাকর্মী। নিয়মিত কথা বলতে বলতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরিবারের কাছেও সম্পর্কের কথা জানিয়েছিলেন তরুণী। যুবকের আশ্বাসে ভরসা করেছিলেন তিনি ও তাঁর পরিবার।
অভিযোগ, শুক্রবার দেখা করার কথা বলে তরুণীকে বর্ধমানে ডেকে পাঠায় ওই যুবক। বাড়িতে তিনি জানান, বিউটি পার্লারের কাজ শেখার জন্য যাচ্ছেন। পরিবারের দাবি, বর্ধমানের একটি হোটেলে নিয়ে গিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত এবং সেই সময় গোপনে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখে। এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেল।
পরিবারের বক্তব্য, ভিডিও দেখিয়ে তরুণীকে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তরুণী সেই চাপ মানতে অস্বীকার করেন। অভিযোগ, শনিবার সন্ধ্যায় ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। রাতেই বিষয়টি জানতে পারেন তরুণী। চরম মানসিক আঘাতে ভেঙে পড়েন তিনি। পরিবারের দাবি, অপমান ও লজ্জা সহ্য করতে না পেরে নিজের ঘরে আত্মঘাতী হন তরুণী।

খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের পরিচয় ও তাঁর দাবিকৃত পেশাগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত দিক যাচাই করছে পুলিশ। মৃতার এক আত্মীয়ের অভিযোগ, ভুয়ো নাম-পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তুলে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে এবং ব্যক্তিগত মুহূর্তকে হাতিয়ার করে ব্ল্যাকমেল করা হয়েছে। অভিযুক্তের দ্রুত গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে পরিবার।

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে ডিজিটাল যুগে ভুয়ো পরিচয় ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? সোশাল মিডিয়ায় সম্পর্ক গড়ার আগে সচেতনতা ও সতর্কতার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *