আজকের দিনেবাংলার আয়না

রবীন্দ্রনাথের ছবিতে বিজেপির স্টিকার! সাঁকরাইলে মনীষী অবমাননার অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া: বাংলার মনীষীদের অবমাননার অভিযোগে ফের বিদ্ধ গেরুয়া শিবির। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রামকৃষ্ণ দেবের পর এবার তালিকায় যুক্ত হলেন খোদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হাওড়ার সাঁকরাইলের এক স্কুলের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র স্টিকার সাঁটানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

​সাঁকরাইলের দক্ষিণ দুইলা হাইস্কুলের দেওয়ালে পড়ুয়াদের হাতে আঁকা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু ও এপিজে আবদুল কালামের মতো মণীষীদের প্রতিকৃতি। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে আচমকাই দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির ঠিক নাকের ওপর সেঁটে দেওয়া হয়েছে বিজেপির একটি প্রচারমূলক স্টিকার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। যদিও মঙ্গলবার সকালে দেখা যায়, বিতর্কিত সেই স্টিকারটি আর সেখানে নেই।

​স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সোমবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিষয়টি তাঁর নজরে আসে। স্কুল ছুটির সময়ও দেওয়ালে এমন কিছু ছিল না। তাঁর অনুমান, রাতের অন্ধকারেই কেউ এই কাজ করেছে। স্কুলের বাইরে সিসিটিভি ক্যামেরা না থাকায় দোষীদের চিহ্নিত করা এখনও সম্ভব হয়নি।

​এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।  হাওড়া জেলা সদর তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী বলেন, “বিজেপি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বোঝে না। এই অপসংস্কৃতির জবাব আগামী নির্বাচনে বাংলার মানুষই দেবে।”  অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য পাল্টা দাবি করেন, “এটা তৃণমূলের কর্মীদের কাজ। তারা নিজেরাই এই কাজ করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। বিজেপি মণীষীদের শ্রদ্ধা করতে জানে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *