আজকের দিনেভারত

ভোটের আগে বড় চমক, স্ট্যালিনের দলে যোগ পনিরসেলভমের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- তামিলনাড়ুর ভোটের মুখে বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম এবার যোগ দিলেন দ্রাবিড় মুন্নেত্র কাজহাগাম-এ। ডিএমকে প্রধান ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-এর হাত ধরেই তাঁর নতুন রাজনৈতিক যাত্রা শুরু। এর ফলে ধাক্কা খেল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজহাগাম (এআইএডিএমকে) এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্রেটিক এলাইন্স (এনডিএ) জোট।
তামিল রাজনীতিতে ই পালানিস্বামী, পনিরসেলভম, শশীকলা ও টিটিভি দিনাকরণ এই নামগুলো দীর্ঘদিন ধরেই প্রভাবশালী। প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতা জীবিত থাকাকালীন এঁরা সকলেই এআইএডিএমকের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর গোষ্ঠীদ্বন্দ্বে দল ভেঙে একাধিক শিবিরে ভাগ হয়ে যায়। সেই ভাঙনের সুযোগ নেয় ডিএমকে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব এআইএডিএমকের সব গোষ্ঠীকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও এই বিষয়ে উদ্যোগী হন বলে রাজনৈতিক মহলের দাবি। সম্প্রতি টিটিভি দিনাকরণ এনডিএ-তে যোগ দেওয়ার পর জল্পনা আরও বাড়ে। কিন্তু পনিরসেলভমের ডিএমকে-তে যোগদান সেই সমীকরণে বড় ধাক্কা দিল।
জয়ললিতার আমলে পনিরসেলভম তিনবার অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী হন। তবে জয়ললিতার মৃত্যুর পর দলের নিয়ন্ত্রণ যায় ই পালানিস্বামীর হাতে। দুই নেতার বিবাদ চরমে ওঠে এবং পনিরসেলভমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি আলাদা রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন এবং ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে লড়েন, যদিও তাতে বিশেষ সাফল্য মেলেনি।

এবার স্ট্যালিনের দলে যোগ দিয়ে পনিরসেলভম স্পষ্ট বার্তা দিলেন রাজনৈতিক লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে তামিলনাড়ুতে। তাঁর এই পদক্ষেপে ইন্ডিয়া জোটের শক্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *