আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ভোটের আগে উত্তপ্ত ভাঙ্গর, আক্রান্ত শওকত ঘনিষ্ট নেতা খয়রুল ইসলাম ও তার সঙ্গীরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত ভাঙ্গর। গতকাল ২১ শে ফেব্রুয়ারি ভাঙ্গর বিধানসভার গাজিপুরে তৃনমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকের পর শওকত মোল্লা ঘনিষ্ট তৃনমূল নেতা খয়রুল ইসলাম ও তার চার সহকর্মীর ওপর আক্রমণের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে । গাড়ির কাঁচ ভাঙ্গা হয় তৃণমূলের এই নেতার । তাকে প্রাণে মারার ছক ছিল দুষ্কৃতীদের বলে অভিযোগ করেন তিনি। থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠে আসছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে । পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় দলের সাংগঠনিক কাজে পোলেরহাট থানা এলাকার দক্ষিণ গাজিপুরে গিয়েছিলেন খয়রুল ইসলাম ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, সেই সময়ই এলাকা অন্ধকার করে হামলা চালানো হয় খয়রুলের ওপর। নেতার গাড়িতে ইট-পাটকেল ছোড়েন হামলাকারীরা।গাড়ির কাঁচ ভাঙ্গে খয়রুল ইসলামের । হামলার জেরে মাথা ফেটেছে খাইরুলের সঙ্গী সুরাবুদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম এবং মতিউর রহমানের। প্রত্যেককে স্থানীয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । কর্মীরা আক্রান্ত হওয়ার খবর পেয়েই জিরানগাছা স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গর তৃনমূল কংগ্রেসের পর্যবেক্ষক শওকত মোল্লা । সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন , “এলাকার আলো নিভিয়ে হামলা চালানো হয়েছে। দাবি একটাই, দোষীদের শাস্তি চাই।” আক্রান্ত তৃনমূল নেতা খয়রুল ইসলামের অভিযোগের তীর আইএসএফের দিকে । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন “আইএসএফ-এর সাংগঠনিক ক্ষমতা কমছে। সেই ভয়েই সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। আমাকে মেরে ফেলতেই এই প্রচেষ্টা।”
হামলার অভিযোগ জানাতে জিরানগাছা স্বাস্থ্যকেন্দ্র থেকে পোলেরহাট থানায় গিয়েছিলেন বিধায়ক শওকত মোল্লা , খয়রুল ইসলাম সহ তৃণমূলের নেতা কর্মীরা । থানা থেকে ফেরার পথে থানার কিছুটা দূরে শ্যামনগর পোলেরহাট এর মাঝামাঝি জায়গায় শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এই ঘটনার পরিপরেক্ষিতে শওকত মোল্লা বলেন ” থানায় এফআইআর করে যখন আমরা ফিরছি, থানা থেকে ৫০০-৭০০ মিটারের মধ্যে আমার গাড়ি লক্ষ্য করে বোম চার্জ করে। এবং গুলিও চালায়। এরপর আমরা কিছুটা সময় সিটের তলায় আত্মরক্ষা করি। থানায় ফোন করলে বড়বাবু পুলিশ বাহিনী নিয়ে এসে উপস্থিত হয়” ।

রাজ্যে বিধানসভা ভোট আসন্ন । সপ্তাহ দুয়েকের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। এরই আগে গতকালের হিংসার ঘটনা নির্বাচনের আগে ভাঙ্গর এর রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল একথা নির্দ্ধিধায় বলা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *