আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

কালবৈশাখীর দাপটে ভিজবে বাংলা: এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল তাপমাত্রা, জেলায় জেলায় শিলাবৃষ্টির সতর্কতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বসন্তের মাঝেই বর্ষার আমেজ রাজ্যে। শনিবার সকাল থেকেই তিলোত্তমার মুখ ভার। কালো মেঘে ঢাকা আকাশ আর ঝোড়ো হাওয়ায় উধাও হয়েছে গরমের অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
​মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও অসমের ওপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি।
​ বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।  আজ শনিবার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদীয়া ও মুর্শিদাবাদে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

​দক্ষিণবঙ্গের চেয়েও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগ জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টি ও কালবৈশাখী ৭০ থেকে ১১০ মিমি (সর্বোচ্চ ২০০ মিমি পর্যন্ত)। আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে কিছু জেলায় হালকা বৃষ্টির রেশ থেকে যাবে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে পাল্লা দিয়ে ফের বাড়বে তাপমাত্রার পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত এই আবহাওয়া পরিবর্তনের কোনো লক্ষণ নেই।
​আবহাওয়া দপ্তরের টিপস: ঝড়ের সময় কাঁচা বাড়িতে আশ্রয় না নিয়ে পাকা দালানে থাকুন এবং বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *