Bank Strike : ব্যাঙ্ক ধর্মঘটে শাখায় তালা, স্বস্তি অনলাইনে …..
কিউ ইন্ডিয়া বাংলা :- একটানা ছুটির পর আবারও ব্যাঙ্কিং পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে। ২৭ জানুয়ারি, মঙ্গলবার সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)। এর ফলে বহু জায়গায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় কাজকর্ম ব্যাহত হচ্ছে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে। বেশিরভাগ এটিএমও খোলা থাকার কথা।
এই ধর্মঘটের প্রভাব মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতেই পড়েছে। বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্ককর্মীদের প্রধান দাবি সপ্তাহে পাঁচ দিনের কাজ। এখন ব্যাঙ্কে মাসে চারটি রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে। কিন্তু কর্মীদের দাবি, প্রতি শনি ও রবিবারই ব্যাঙ্ক বন্ধ রাখতে হবে।
সংগঠনের বক্তব্য, আরবিআই, এলআইসি, স্টক মার্কেট, জিআইসি সহ অন্যান্য সরকারি দপ্তরে যেখানে শনি ও রবিবার ছুটি থাকে, সেখানে ব্যাঙ্ককর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম হওয়া উচিত। একাধিকবার আলোচনা হলেও কোনও সমাধান না মেলায় শেষ পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
