বঙ্গবাসীকে আবেগঘন খোলা চিঠি আনন্দ বোসের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলার মানুষের উদ্দেশ্যে একটি ‘মুক্তচিঠি’ লিখলেন সিভি আনন্দ বোস। চিঠিতে একদিকে যেমন রয়েছে বিচ্ছেদের সুর, তেমনই ফুটে উঠেছে বাংলার প্রতি তাঁর গভীর মমতা ও অটুট বন্ধনের কথা। বঙ্গবাসীকে ‘ভাই ও বোন’ সম্বোধন করে তিনি স্পষ্ট জানিয়েছেন, পদ ছাড়লেও বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হওয়ার নয়।
বিদায়ী রাজ্যপাল তাঁর চিঠিতে পশ্চিমবঙ্গকে নিজের ‘দ্বিতীয় ঘর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় ঘর। এর সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকব ও থাকতেই চাই।” বাংলার মানুষের থেকে পাওয়া অফুরান সমর্থন, স্নেহ ও সম্মানের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিজের মনের অবস্থা বোঝাতে মহাত্মা গান্ধীর একটি ঐতিহাসিক উক্তি তুলে ধরেছেন সিভি আনন্দ বোস। তিনি লিখেছেন, “অনেক দশক আগে মহাত্মা গান্ধী বলেছিলেন— ‘আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।’ আজ আমি সেই একই অনুভূতি ভাগ করে নিচ্ছি।”
রাজ্যপাল থাকাকালীন বাংলার আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করেছেন তিনি। তাঁর কথায়, গ্রামবাসীদের খড়ের ছাউনি দেওয়া ঘরে বসে তাঁদের সঙ্গে আহার ভাগ করে নেওয়া। তরুণ শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা ও আলাপচারিতা। রাজ্যের জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।
বাংলার মনীষীদের অবদানের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেছেন যে, এই মাটি আগামী দিনেও দেশকে পথ দেখাবে। চিঠির শেষে তিনি লিখেছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি— পশ্চিমবঙ্গের আমার ভাই ও বোনেরা আগামী দিনে আরও মহান উচ্চতায় পৌঁছবেন।” পরিশেষে, দেবী দুর্গার কাছে বঙ্গবাসীর মঙ্গলকামনা করে তিনি প্রার্থনা করেন, সকলের জীবনে যেন সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে। তাঁর এই খোলা চিঠি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে।
