ভোটের ময়দানে অভয়ার মা? জল্পনা উসকে মৌবনী সরকারের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তোলপাড়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বাংলার রাজনীতি। আর জি কর-কাণ্ডের নির্যাতিতার মায়ের পদ্মপ্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে গত কয়েকদিন ধরেই তুঙ্গে উঠেছে জল্পনা। বিশেষ করে পানিহাটির মতো ঘাসফুল শিবিরের শক্ত ঘাঁটিতে তিনি বিজেপির হয়ে লড়তে পারেন— এমন কানাঘুষো ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার সকালে অভয়ার মা স্বয়ং জানান, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতেই তিনি নির্বাচনী ময়দানে নামতে ইচ্ছুক। যদিও বিজেপির তরফে সরকারিভাবে এখনও কোনও প্রার্থী তালিকা বা তাঁর নাম ঘোষণা করা হয়নি। এর আগে অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর অভয়ার বাবা-মা রাজনীতিতে আসার কথা অস্বীকার করেছিলেন। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল ন্যায়বিচার। কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার আবহেই অভয়ার মায়ের এই ‘ইচ্ছেপ্রকাশ’ সমীকরণ বদলে দিয়েছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী তথা পি সি সরকার কন্যা মৌবনী সরকার। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি অভয়ার মায়ের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেন।
মৌবনী তাঁর পোস্টে লিখেছেন:
”অভয়ার মা পলিটিক্যাল পার্টি বিজেপির হয়ে টিকিট পেয়েছেন, আমি খুব খুশি। মা দুর্গা বসন্তের পূজোতে দশটা হাতে যেন অভয়ার বিচার এনে দেন… আমি ঠাকুর বিশ্বাসী, আর ‘উই ওয়ান্ট…’ বলে চিৎকার করতে পারছি না।” অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় ফিসফাস— তবে কি মৌবনী নিজেও গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন? যদিও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মৌবনী এখনও সরাসরি কিছু জানাননি, তবে নেটনাগরিকদের একাংশের দাবি, এই পোস্টই তাঁর রাজনৈতিক পছন্দের স্পষ্ট ইঙ্গিত। অভয়ার মায়ের রাজনীতিতে আসার জল্পনায় বাম এবং তৃণমূল— উভয় শিবিরের কর্মী-সমর্থকরাই কার্যত স্তম্ভিত। আর জি করের আবেগ ও ন্যায়বিচারের লড়াইকে রাজনীতির ময়দানে টেনে আনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পানিহাটির পিচে ‘পদ্মপ্রার্থী’ হয়ে তিনি শাসকদলকে কতটা টক্কর দিতে পারবেন, এখন সেটাই দেখার।
