আজকের দিনেবাংলার আয়না

দেশলাই নেই বলতেই পকেট থেকে বেরল ছুরি! রণক্ষেত্র কোচবিহারের নিউ কদমতলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-  একটি দেশলাই কাঠি চাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকা। বাবাকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর জখম হলেন ছেলে। মঙ্গলবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের নিউ কদমতলা মোড় সংলগ্ন এলাকায়। জখম যুবকের নাম অভিজিৎ দে সরকার।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিউ কদমতলা এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দে সরকারের কাছে এক যুবক দেশলাই কাঠি চায়। গৌরাঙ্গবাবু জানান, তাঁর কাছে দেশলাই নেই। অভিযোগ, এই সামান্য কথা থেকেই বচসার সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবক গৌরাঙ্গবাবুর ওপর চড়াও হয়।

​বাবার ওপর হামলা হতে দেখে তাঁকে বাঁচাতে ঘর থেকে ছুটে আসেন ছেলে অভিজিৎ দে সরকার। অভিযোগ, সেই সময় অভিযুক্ত যুবক পকেট থেকে ধারালো ছুরি বের করে অভিজিতের ওপর হামলা চালায়। অভিজিতের পেটে ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

​আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয়রাই তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় অভিজিৎকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তাঁর আঘাত যথেষ্ট গুরুতর।
​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সামান্য দেশলাই কাঠিকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *