ফর্মে ফিরলেন ঋতুরাজ , তবুও গুজরাটের কাছে হারলো চেন্নাই
কিউ ইন্ডিয়া বাংলা :- গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে জেতার পর আজ গুজরাট টাইটানসের কাছে হারল চেন্নাই। অনেকদিন পর ফর্মে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড, তবুও তার দলকে তিনি জেতাতে পারলেন না । ২০ বল বাকি থাকতে ৮ উইকেটে ধোনিবিহীন চেন্নাইকে হারালেন শুভমন গিলরা।
ঘরের মাঠ চিপকে আজ প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। বিগত ম্যাচ গুলিতে ফর্মে থাকা সঞ্জু স্যামসন আজকে বেশি রান করতে পারেননি। ১৫ বলে ১১ রান করে আউট হয়ে যান তিনি। আজ ফর্মে ফেরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড । বাকিরা ব্যর্থ হলেও একাই দলের ইনিংসকে টেনে নিয়ে যান তিনি । ৬০ বলে ৭৪ রানের কার্যকরী ইনিংস আসে চেন্নাই অধিনায়কের ব্যাট থেকে। উর্ভিল প্যাটেল (৪) , সরফরাজ খান (০), ডিওয়ার্ল্ড ব্রেভিস (২) রানে আউট হয়ে যান। গুজরাটের বোলিংয়ের সামনে চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার পুরোপুরিভাবে ফ্লপ করে । শিবম দুবে (২২) , কার্তিক শর্মা (১৫) কিছুটা চেষ্টা না করলে চেন্নাইয়ের রান ১৫০ এর গণ্ডি পার করা মুশকিল ছিল। নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস ১৫৮ রান তোলে । গুজরাটের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন কাগিসো রাবাডা।
লক্ষ্যমাত্রা ছোট হলেও গুজরাটের ওপেনাররা সাবধানী হয়ে ব্যাটিং শুরু করেন । অধিনায়ক শুভমন গিল কিছুটা দেখে শুনে এবং সাই সুদর্শন হাত খুলে খেলা শুরু করেন । দুই ওপেনারদের মধ্যে ৫৮ রানের পার্টনারশিপ হয় । ব্যক্তিগত ৩৩ রানের মাথায় ফিরে যান অধিনায়ক শুভমন । ৪৬ বলে ৮৭ রান করেন সাই সুদর্শন । গত ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন । প্রথমদিকের ম্যাচগুলোতে ব্যর্থ হওয়ার পর পর দুটি ম্যাচে সাফল্য পেলেন তিনি। জস বাটলার ৩০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন । ১৬.৪ ওভারে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটানস। মূলত বোলারদের নৈপুণ্যে গুজরাট এই ম্যাচে শহর জয় পেল ।
আজকের ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেল চেন্নাই। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২ই মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে । সেই ম্যাচটিও চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে খেলা হবে।
