বিজেপির প্রার্থী হতে পারেন আরজি করের নির্যাতিতা অভয়ার মা
কিউ ইন্ডিয়া বাংলা :- মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন । এবার ভোটের ময়দানে দেখা যেতে পারে আরজিকরের নির্যাতিতা অভয়ার মাকে। পানিহাটি বিধানসভা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি বলে সূত্রের খবর।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করা হবে । সেই তালিকায় থাকতে পারে আরজি করে নির্যাতিতা চিকিৎসক অভয়ার মায়ের নাম। দীর্ঘদিন ধরে মেয়ের বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন কিন্তু এখনো পর্যন্ত বিচার অধরা ।
সম্প্রতি কিছুদিন আগে তাদের বাড়িতে এসেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। অভয়ার পরিবারের সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা হয়েছিল। তবে সেদিনের আলোচনার বিষয় কি ছিল সেই সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি তখন । বিজেপি নেতা অর্জন সিং বলেছিলেন অভয়ার পরিবারের খোঁজ নেওয়ার জন্যই তিনি এসেছিলেন। অভয়ার মায়ের রাজনৈতিক কোন পরিচয় নেই শুধুমাত্র মেয়ের বিচারের দাবিতেই তিনি বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায় বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ । আর সিপিএমের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন আর জি কর আন্দোলনেরই অন্যতম মুখ কলতান দাশগুপ্ত। এবার অভয়ার মা যদি বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তাহলে গোটা রাজ্যেই এই বিষয়ে শোরগোল ফেলে দেওয়ার ঘটনা ঘটবে নিঃসন্দেহে বলা যায়।
পানিহাটির বিদায়ী বিধায়ক নির্মল ঘোষ দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব । কংগ্রেসের হাত ধরে তার রাজনৈতিক জীবনের হাতে খড়ি । রাজ্যে পালা বদলের পর থেকে পর পর তিনবারের বিধায়ক তিনি। এবার তিনি ভোটে দাঁড়াচ্ছেন না । তার বদলে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তারই ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষকে । তিনি প্রচারে ইতিমধ্যে নেমে পড়েছেন ।
