আজকের দিনেতিলোত্তমাভারত

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বিতর্ক তুঙ্গে। বৈধ নথি থাকা সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনেকা গুরুস্বামী। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

​সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে আইনজীবী মেনেকা গুরুস্বামী দাবি করেন, বহু নাগরিক যাঁরা আগে নিয়মিত ভোট দিয়েছেন, এবার তাঁদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি। তিনি এই মামলাটিকে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা যুক্তিহীন অসঙ্গতি সংক্রান্ত মূল মামলার সঙ্গে সংযুক্ত করার আর্জি জানান। প্রাথমিকভাবে আদালত সরাসরি এই আবেদন শুনতে না চাইলেও, পরে প্রধান বিচারপতি মামলাটিকে মূল মামলার সঙ্গে যুক্ত করে মঙ্গলবার শোনার আশ্বাস দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে এক বিশাল সংখ্যক নাম হয় বাদ গিয়েছে অথবা ‘অমীমাংসিত’ অবস্থায় রয়েছে। রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ৫৮ লক্ষ নাম। চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ নাম প্রকাশিত হয়েছে। প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি বর্তমানে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র কারণে অমীমাংসিত বা বিচারাধীন অবস্থায় আছে।
​উত্তর কলকাতা: খসড়ায় ৩ লক্ষ ৯০ হাজার নাম বাদ গেলেও চূড়ান্ত তালিকায় আরও ১৭ হাজার মিলিয়ে মোট ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ গিয়েছে।
​দক্ষিণ কলকাতা: চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ৩ হাজার ২০৭ জনের নাম।
​ভবানীপুর: খসড়ায় প্রায় ৪৫ হাজার নাম বাদ গিয়েছিল, নতুন করে আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ যাওয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৭ হাজার। এছাড়া ১৪ হাজার ১৫৪ জনের নাম এখনও অমীমাংসিত।
​জেলা: বাঁকুড়ায় ১ লক্ষ ৩৫ হাজার এবং নদিয়ায় ২ লক্ষ ৭০ হাজার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

​ভোটার তালিকায় এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে ইতিমধ্যেই তিনি ধর্মতলায় ধরনায় বসেছেন। দলের পক্ষ থেকে এই বিষয়টিকে আইনি এবং রাজনৈতিক— উভয় স্তরেই মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নজর মঙ্গলবারের সুপ্রিম কোর্টের শুনানির দিকে। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে এই বিপুল সংখ্যক ‘অমীমাংসিত’ নামের বিষয়ে কী নির্দেশ দেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *