মদের আসরেই যুবককে খুন
কিউ ইন্ডিয়া বাংলাঃ- দোলের আগে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেই মৃত্যু হল এক যুবকের। সামান্য বাক-বিতন্ডা, সেখানে থেকেই গলা কেটে খুন করা হয় ওই যুবককে। অভিযোগের তির ওই যুবকের ২ বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরা এলাকায়। অভিযুক্তদের মধ্যে একজনকে ইতিমধ্য়েই আটক করেছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ঠিক কী কারণে এই খুন, নাকি এর পিছনে পুরনো কোনও শত্রুতা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মৃত মঙ্গল সাধক (১৯)।মঙ্গলের আদি বাড়ি নিউ ব্যারাকপুরের লেলিনগড় এ ব্লকে। কিন্তু ছোটবেলা থেকেই বিরায় তার মামার বাড়িতে বড় হয়। একটি ব্যগের কারখানায় কাজ করতেন। পরিবারের সদস্যরা বলছেন, ঘটনার আগে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন মঙ্গল। আচমকা বিজয় ও ডুকু নামে তাঁর দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিরায় বসে মদের আসর। সেখানেই বন্ধুদের মধ্যে কোনও বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। তপ্ত পরিস্থিতির মাঝে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মঙ্গলকে। অভিযোগ, কেটে দেওয়া হয় গলার নলি। শেষে স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে, ততক্ষণে সব শেষ। পরে পুলিশে খবর দেওয়া হয়। বিরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের দাদা বাপন সাধক ক্ষোভ উগরে দিচ্ছেন মঙ্গলের বন্ধুদের বিরুদ্ধে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
