Doctor : মদ্যপ অবস্থায় ডিউটিতে চিকিৎসক , ভুল ওষুধ দেওয়ার অভিযোগ !
কিউ ইন্ডিয়া বাংলা :- মালদা জেলায় সরকারি হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসছে। মত্ত অবস্থায় তিনি ডিউটি করছিলেন ওই চিকিৎসক। শ্বাসকষ্টে আক্রান্ত দেড় বছরের এক শিশুকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে ।
স্থানীয় সূত্রের খবর, মালদার সামসি কান্ডারন এলাকার বাসিন্দা কানু কর্মকারের দেড় বছরের শিশু কন্যা শ্বাসকষ্টের রোগে ভুগছিল । পরিবারের লোকজনরা বাচ্চা মেয়েটিকে মালদা সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেই সময় হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত ছিলেন রাহুল মন্ডল নামে একজন চিকিৎসক । শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই চিকিৎসক নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। দাবি করা হয় শিশুটিকে ঠিকমতো পরীক্ষা না করেই ভুল ওষুধ প্রেসক্রাইব করেন তিনি । প্রয়োজনীয় চিকিৎসার বদলে তাকে ওআরএস দেওয়া হয় । তারপর শিশুদের শারীরিক অবস্থা আরো অবনতি হতে শুরু করলে পরিবারের লোকেদের সন্দেহ হয় । তারা ওই চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তার আচরণে অসঙ্গতি লক্ষ্য করেন। এবং নিশ্চিত হয় চিকিৎসক মদ্যপ অবস্থায় রয়েছেন। বিষয়টি জানাজানি হতেই শনিবার মধ্যরাতে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় । বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দ্রুততার সাথে শিশুটিকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন ।
মালদা সামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের এহেনোকাণ্ডে জেলা স্বাস্থ্য মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । চিকিৎসকের বিরুদ্ধে মদ্য অবস্থায় থাকার অভিযোগ সত্যি না মিথ্যে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে । অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
