আজকের দিনেতিলোত্তমা

অধীর রঞ্জন চৌধুরীর দাবি, ঈদের ছুটি হোক তিন দিন, চিঠি মুখ্যমন্ত্রীকে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ঈদের ছুটি এক দিনের বদলে তিন দিন করার দাবি তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই দাবিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। শুধু ছুটি বাড়ানো নয়, রমজান মাসে রেশন বরাদ্দ বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণেরও আবেদন জানিয়েছেন তিনি। ভোটের আগে এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

সংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, এতদিন ঈদের জন্য এক দিন ছুটি দেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর মতো ঈদও কয়েক দিন ধরে পালিত হয়। তাই ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন মোট তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হোক। তাঁর মতে, এতে উৎসবের মর্যাদা বজায় থাকবে।

তবে ভোটের মুখে এই দাবি তোলায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার বলেন, এটি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতি তৈরির চেষ্টা করছেন অধীর। জয় প্রকাশের বক্তব্য, মুখ্যমন্ত্রী সব ধর্মের মানুষের ধর্মাচরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করেন, তাই এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।
তিনি আরও প্রশ্ন তোলেন, ঈদ কি এ বছরই প্রথম হচ্ছে? আগে যখন অধীর বেশি ক্ষমতায় ছিলেন, তখন কেন এই দাবি তোলেননি? তাঁর দাবি, এই বক্তব্য মুসলমান বা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ফলে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা। এখন দেখার, মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *