আগুনের মধ্যেও আলিঙ্গন
চিরশ্রী ভট্টাচার্য
ফাল্গুনের হালকা বাতাসে আজ ঘরের পর্দা একটু একটু দুলছে। জানালার ধারে দাঁড়িয়ে মেঘলা সেই বাতাসের দিক চিনে নেয়। সে দেখতে পায় না, তবু সে জানে আজ আকাশ নীল। কারণ রোদের তাপ আজ কোমল, তীব্র নয়। রোদ যদি খুব কড়া হত, তার গালের পোড়া চামড়ায় একটা খচখচে অনুভূতি হতো। আজ তা নেই। আজ আলো শান্ত।
আজ তাঁর বিয়ের এক বছর পূর্ণ হলো। আর আজ আবার আলিঙ্গন দিবস,ঐ প্রেমের মাসে যাকে বলে “হাগ ডে”।
আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে। আয়না তাঁর কাছে শুধু ঠান্ডা কাঁচ, তবু সে দাঁড়ায়। কারণ আয়নার সামনে দাঁড়ানো মানে নিজেকে স্বীকার করা। আঙুল দিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে। সিঁথির সিঁদুর ছুঁয়ে দেখে। কপালের টিপটা জায়গামতো আছে কিনা বুঝতে চায় স্পর্শ দিয়ে। তাঁর মুখে গভীর দাগ, ত্বক টানটান, চোখের জায়গায় অন্ধকারের স্থায়ী বাস তবু আজ সে সাজছে। তাঁর মনে পড়ে যায় আরেকটা দুপুর।
সেই দুপুরেও রোদ ছিল। খুব সাধারণ একটা দিন। এমনই হালকা হাওয়া বইছিল। সে তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। হাতে নোটবই, মনে গান। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভেবেছিল সন্ধ্যায় প্র্যাকটিসে কোন গানটা গাইবে। জীবন তখন সোজা ছিল, পরিষ্কার ছিল। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখ দুটোকে খুব ভালো লাগত তাঁর। বড়, টলটলে, ভর্তি স্বপ্নে।
রণ তখনও তাঁর জীবনে পুরোপুরি ঢুকে পড়েনি। প্রথম প্রথম সে খুব ভদ্র ছিল। অনুষ্ঠান শেষে এসে বলেছিল, “তোমার গলাটা অসাধারণ।” সে হেসে ধন্যবাদ জানিয়েছিল। তারপর মেসেজ, ফোন, অপেক্ষা। ধীরে ধীরে বন্ধুত্বের নামে অধিকার। “তুই আমার।” “আমাকে ছাড়া কারও সঙ্গে এত কথা বলবি না।” মেঘলা প্রথমে হাসত। তারপর অস্বস্তি হতো। শেষে স্পষ্ট করে বলেছিল, “আমি তোকে ভালোবাসি না।” সে জানত না, একটা ‘না’ এত ভয়ংকর হয়ে উঠতে পারে।
সেই দিন দুপুরে রাস্তাটা ছিল ভিড়ভাট্টা। দোকানের সামনে ফল সাজানো, চায়ের কাপে ধোঁয়া উঠছে। কেউ তাঁর নাম ধরে ডাকল। সে ঘুরল। পরের মুহূর্তে কাঁচ ভাঙার শব্দ, আর এক ঝলক অদ্ভুত ঠান্ডা তরল তাঁর মুখে এসে পড়ল। এক সেকেন্ডের জন্য সে কিছু বুঝতে পারেনি। তারপর জ্বালা। এমন জ্বালা, যেন হাজার সূচ একসঙ্গে গেঁথে দেওয়া হয়েছে। সে চিৎকার করেছিল, কিন্তু নিজের কণ্ঠস্বরও শুনতে পাচ্ছিল না। পৃথিবী গলে যাচ্ছিল। তাঁর চামড়া, তাঁর চোখ, তাঁর স্বপ্ন—সব যেন পুড়ে যাচ্ছে। আজ এতদিন পরও সে সেই গন্ধ ভুলতে পারে না। পোড়া চামড়ার গন্ধ। আতঙ্কের গন্ধ।
অ্যাম্বুলেন্সের সাইরেনটা মেঘলার কানে শেষবারের মতো ঢুকেছিল আগুনের ভেতর থেকে। তারপর সব শব্দ যেন জলের তলায় ডুবে গেল। শরীরের কোথাও আর আলাদা করে ব্যথা বোঝার উপায় ছিল না, সবটাই একসঙ্গে জ্বলছিল। সে শুধু বুঝেছিল, তাঁর মুখ নেই, চোখ নেই, চামড়া নেই সে যেন একটা জ্বলন্ত মাংসপিণ্ড। তবু সেই অসহ্য যন্ত্রণার মাঝেও সে মরতে চায়নি। অদ্ভুতভাবে তাঁর ভেতর থেকে একটা কণ্ঠ উঠেছিল আমি বাঁচতে চাই।
হাসপাতালের সাদা আলো সে আর কখনও দেখেনি, কিন্তু সেই আলোর উত্তাপ সে অনুভব করেছিল। ডাক্তারদের তড়িঘড়ি পায়ের শব্দ, নার্সদের দ্রুত নির্দেশ, অক্সিজেনের ঠান্ডা গন্ধ সব মিলিয়ে একটা বিশৃঙ্খল লড়াই চলছিল তাঁর শরীরকে বাঁচানোর জন্য। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় কেউ বলেছিল, “নাইনটি পারসেন্ট বার্ন।” শব্দটা যেন ছুরি হয়ে ঢুকে গিয়েছিল তাঁর মায়ের কানে। মা কেঁদে উঠেছিলেন, কিন্তু মেঘলা তখন অচেতনতার অন্ধকারে তলিয়ে গেছে।
প্রথম যখন তার জ্ঞান ফিরল, সে চোখ খুলতে চেয়েছিল। কিন্তু চোখ খুলেও কিছুই পেল না। শুধু ঘন কালো। সে ভেবেছিল, হয়তো রাত। হয়তো আলো নিভিয়ে রাখা হয়েছে। সে আবার চেষ্টা করেছিল। তারপর বুঝেছিল এই অন্ধকার বাইরে নয়, ভেতরে। সে হাত তুলতে গিয়েও বুঝেছিল, হাত ভারী ব্যান্ডেজে মোড়া। ঠোঁট ফেটে গিয়েছে, কথা বেরোচ্ছে না। সে শুধু কাঁপা গলায় বলেছিল, “মা…” মায়ের হাত তার আঙুল ছুঁয়ে দিয়েছিল। সেই স্পর্শে সে বুঝেছিল সে এখনও বেঁচে আছে।
ডাক্তাররা ধীরে ধীরে জানালেন, চোখ দুটো রক্ষা করা যায়নি। অ্যাসিড কর্নিয়া গলিয়ে দিয়েছে। মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত। একের পর এক গ্রাফটিং, অস্ত্রোপচার, ড্রেসিং দীর্ঘ পথ সামনে। মেঘলা প্রথমে কিছু বুঝতে পারেনি। তারপর যখন সত্যিটা স্পষ্ট হল, সে কয়েকদিন কথা বলেনি। তাঁর ভেতরে যেন সব শব্দ শুকিয়ে গিয়েছিল। একজন যে গান গেয়ে মানুষকে কাঁদাতে পারত, সে নিজেই তখন নিঃশব্দ।
এদিকে মামলা শুরু হয়েছে। পুলিশ রণকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকেরা হাসপাতালের সামনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ছে। “প্রেমে প্রত্যাখ্যানের জেরে অ্যাসিড হামলা”—খবরের শিরোনাম হয়েছে। মেঘলা শুনত, কিন্তু প্রতিক্রিয়া দিত না। তাঁর মনে হত, সে যেন নিজের গল্পের দর্শক। তাঁর শরীর বিছানায়, আর তাঁর জীবন কাগজের পাতায়।
কয়েক সপ্তাহ পর তাঁকে আদালতে যেতে হল জবানবন্দি দিতে। কালো চশমা পরানো হয়েছিল চোখের জায়গায়। সাদা ওড়না দিয়ে মুখের দাগ আড়াল করার চেষ্টা। কিন্তু সে জানত, কিছুই আড়াল হয় না। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন রণের কণ্ঠস্বর সে শুনল, তাঁর বুকের ভেতর হিম হয়ে গেল। সেই একই আত্মবিশ্বাসী স্বর, যেন কিছুই হয়নি। আইনজীবী প্রশ্ন করল, “আপনার সঙ্গে অভিযুক্তের কি ব্যক্তিগত সম্পর্ক ছিল?” প্রশ্নটার ভেতরে ছিল সন্দেহ, ছিল কুৎসা। মেঘলার মনে হয়েছিল, আবার যেন তাঁর ওপর অ্যাসিড ছোঁড়া হল। সে ধীরে, স্পষ্ট গলায় বলেছিল, “আমি ওকে ভালোবাসিনি। আমি না বলেছিলাম।” আদালতঘরে কয়েক মুহূর্তের নীরবতা নেমে এসেছিল।
দুই বছর মামলা চলল। সাক্ষী বদলাল, প্রমাণ ঘুরল, তারিখ পেছাল। রণের পরিবার প্রভাবশালী। টাকা, পরিচয়, চাপ সব কাজ করল। শেষদিন রায় ঘোষণার সময় মেঘলা চুপচাপ দাঁড়িয়ে ছিল। বিচারক বললেন, প্রমাণ অপর্যাপ্ত। অভিযুক্ত বেকসুর খালাস। শব্দগুলো তাঁর কানে ধাতব আওয়াজের মতো বাজল। সে কোনও চিৎকার করেনি, কোনও কান্না করেনি। শুধু মনে মনে বলেছিল, তবে কি সত্যিই আমি দোষী? তাঁর মা তখন তাঁকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। সেই আলিঙ্গনে ছিল অসহায়তা, ছিল রাগ, ছিল ভাঙা স্বপ্ন।
বাড়ি ফিরে প্রথম কয়েক মাস সে নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল। আয়নার সামনে দাঁড়াত না। যদিও সে দেখতে পায় না, তবু আয়নার সামনে দাঁড়ানো মানে নিজের মুখোমুখি হওয়া। সে ভয় পেত। বাইরে বেরোলে মানুষ তাকায়। কেউ করুণা করে, কেউ ফিসফিস করে, কেউ ভয় পায়। সে শুনত—“বেচারি।” শব্দটা তা্র সবচেয়ে অপছন্দের হয়ে উঠেছিল। সে বেচারি নয়। সে আহত। কিন্তু ভাঙা নয় এই বিশ্বাসটা ফিরতে সময় লাগছিল।
একদিন বিকেলে মা আম কেটে আচার
বসাচ্ছিলেন। মেঘলা গন্ধ পেয়ে বলল, “আমটা দাও তো।” হাত বাড়িয়ে সে আমের টুকরো ছুঁল। আঙুলে লবণ, হলুদ, সরষের তেলের মিশ্রণ মেখে নিল। গন্ধটা তাঁর মাথায় ঝাঁকুনি দিল,এই গন্ধ তো তাঁর চেনা, শৈশবের। হঠাৎ সে বলল, “আমি বানাব।” মা প্রথমে ভয় পেলেন। কিন্তু মেঘলা জেদ করল। সে স্পর্শ দিয়ে মাপ শিখল। গন্ধ দিয়ে মশলার পরিমাণ বোঝা শিখল। কড়াইয়ের ফুটন্ত শব্দ শুনে আঁচ আন্দাজ করা শিখল। ধীরে ধীরে আচার বানানো তাঁর সাধনা হয়ে উঠল।
পাড়ায় প্রথমে কৌতূহল ছিল, তারপর প্রশংসা। “মেঘলার আচার অসাধারণ!” অর্ডার আসতে লাগল। তারপর বড়ি। রোদে শুকোনো ডালের বড়ি, মশলা মিশিয়ে বানানো বিশেষ বড়ি। সে নিজে রোদ দেখতে পায় না, কিন্তু হাতের তালুতে রোদের তাপ মেপে নেয়। কখন উল্টে দিতে হবে, কখন তুলতে হবে সব শিখে ফেলল। নিজের উপার্জনের প্রথম টাকা হাতে পেয়ে সে কেঁদেছিল। সেই কান্না ছিল মুক্তির।
এই সময়েই অয়ন আসে। প্রথমদিন সে খুব সাধারণভাবে বলেছিল, “আপনি কি মেঘলা? আপনার আচার নিতে এসেছি।” তাঁর গলায় করুণা ছিল না, ছিল স্বাভাবিকতা। কয়েকদিন পর সে বলল, “আপনি চাইলে আমি লেবেল প্রিন্ট করে দিতে পারি, আপনার ব্যবসা একটু বড় হতে পারে।” মেঘলা অবাক হয়েছিল। মানুষ তাঁকে সাহায্য করতে চায় দয়া করে নয়, সম্মান দিয়ে। অয়ন নিয়মিত আসতে লাগল। গল্প করত। তাঁর গান শোনার কথা তুলত। একদিন বলল, “আপনি কি আবার গান গাইবেন?” মেঘলা দীর্ঘদিন পর গাইল। কাঁপা গলায়। কিন্তু গাইল। অয়ন চুপ করে শুনল। তারপর বলল, “আপনার গলায় এখনও আলো আছে।”
প্রেম ধীরে ধীরে এল। কোনও নাটকীয়তা নয়, কোনও ঘোষণা নয়। একদিন মেঘলা বলেছিল, “আমাকে দেখে ভয় লাগে না?” অয়ন হেসেছিল, “আমি আপনাকে দেখি না, আমি আপনাকে অনুভব করি।” সেই বাক্যটা মেঘলার ভেতরে গেঁথে গেল। প্রথম যেদিন অয়ন তাঁকে জড়িয়ে ধরল, সে কেঁপে উঠেছিল। এতদিন কেউ তাঁকে ছুঁতে ভয় পেয়েছে। কিন্তু এই আলিঙ্গনে ভয় ছিল না। ছিল নিরাপত্তা। ছিল সমান সমান হয়ে দাঁড়ানো দুই মানুষের উষ্ণতা।
মেঘলার ব্যবসা বেড়ে যায়। আচার, বড়ি অনলাইনে যায়। মানুষ তাঁর মুখ দেখে না, স্বাদ দেখে। অর্ডার আসে। সে আর কারও দয়া চায় না। সে নিজের শক্তি চায়। হাতে হাতে কাজ করে, মুখে হাসি।
বিয়ে হল খুব ছোট করে তাঁদের। কাঁসরের শব্দ, মন্ত্রপাঠ, সিঁদুরের স্পর্শ। মেঘলা দেখতে পায়নি, কিন্তু অনুভব করেছে অয়ন যখন তার সিঁথিতে সিঁদুর পরাল, তার আঙুল কাঁপছিল। সেই কাঁপুনি ছিল দায়িত্বের, ভালোবাসার।
আজ এক বছর পর, হাগ ডে-র সকালে, মেঘলা রান্নাঘরে পায়েস নাড়ছে। দুধের গন্ধে ভরে গেছে ঘর। অয়ন পিছন থেকে এসে জড়িয়ে ধরে। তাঁর পোড়া চামড়ার ওপর দিয়ে ভালোবাসার উষ্ণতা বয়ে যায়। সে দেখতে পায় না, কিন্তু সে জানে—এই আলিঙ্গন নিরাপদ। আগুন তাঁকে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু শেষ করতে পারেনি। কারণ আগুনের থেকেও বড় তার বেঁচে থাকার ইচ্ছে। সে অন্ধ, কিন্তু তাঁর জীবন অন্ধ নয়। তার মুখে দাগ আছে, কিন্তু তার সম্মান অমলিন। সে একদিন ‘না’ বলেছিল, আর সেই ‘না’ আজও তার সবচেয়ে বড় সাহস। ছোট ঘরে, নীরব মানুষের মাঝে। অয়ন বলল, “আজ হাগ ডে।” মেঘলা হেসে বলল, “সবকিছু আবার নতুন?” “হ্যাঁ। আগুনে পুড়ে গিয়েও নতুন জন্ম নিতে পারে।” অয়ন বলল।
মেঘলা মাথা রাখল অয়নের বুকে। চোখ নেই, কিন্তু জল আছে। অন্ধত্ব আছে, কিন্তু আলোর অনুভূতি আছে। আগুন তাঁকে শেষ করতে পারলেও, জীবনের আলিঙ্গন তাঁকে বাঁচিয়ে দিয়েছে।
তাঁর হাতের আচার, তাঁর গান, তাঁর হাসি—সব মিলিয়ে সমাজের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন। সে শেখে, মানুষের দৃষ্টিতে নয়, নিজের শক্তিতে বাঁচতে হয়। যারা ক্ষতি করতে চেয়েছিল, তাঁরা পারল না। যারা সন্দেহ করেছিল, তাঁরা অবাক। মেঘলা জানে, আগুনের মতো মানুষকে পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু আত্মার জ্বলন কেউ থামাতে পারে না। হাগ ডে হোক বা কোলাকুলি দিবস প্রতিটি দিন তাঁর জন্য নতুন। প্রতিটি দিন তাঁর জন্য জয়।
অয়ন ফিসফিস করে বলে, “শুভ বিবাহবার্ষিকী।” মেঘলা তাঁকে শক্ত করে জড়িয়ে ধরে উত্তর দেয়, “শুভ হাগ ডে।” তাঁর মনে হয়, এই কোলাকুলি শুধু দুজন মানুষের নয় এটা তাঁর জীবনের সঙ্গে তাঁর নিজের মিলন। আগুনের পরেও আলো থাকে। আর সেই আলোকে জড়িয়ে ধরার নামই ভালোবাসা।
মেঘলার জীবন অন্ধ, দাগে পূর্ণ, ব্যথায় ঘেরা, কিন্তু তাঁর ভেতরে আলো আছে। সে জানে, বেঁচে থাকা শুধু শ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানে নিজের হাত দিয়ে, নিজের মনে দিয়ে, নিজের শক্তিতে জীবন তৈরি করা। সে চোখে দেখতে পারে না, কিন্তু দেখে ভালোবাসা, সম্মান, স্বাধীনতা।
আগুন তাঁকে হারাতে চেয়েছিল। সমাজ তাঁকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু মেঘলা জিতেছে। সে নিজের হাতে তৈরি করছে নতুন জীবন, নতুন গল্প, নতুন আশা এবং তাঁর প্রতিটি দিন, প্রতিটি আচার, প্রতিটি গান সবই সে নিজের জন্য, নিজের আলিঙ্গনের জন্য।
বিবাহের পর প্রথম বছর কেটে গেল, কিন্তু মেঘলার জীবন আরও শক্তিশালী হলো। সকাল শুরু হতো আচার ও বড়ি বানানোর গন্ধ দিয়ে, শেষ হতো অয়ন সঙ্গে হাত ধরে ছোট বারান্দায় বসে চা খাওয়ার ধূসর আলোয়। চোখ না থাকলেও সে সব বুঝত হাতে হাতে বসে আচার নেড়ে, হাসি বিনিময় করা, মিষ্টি কথার বিনিময় সবই জীবন দেখানোর এক নতুন রূপ।
অয়ন প্রতিদিন তাকে ছুঁয়ে বোঝাত এই অন্ধত্বেও, এই দাগের মধ্যেও সে সুন্দর, শক্তিশালী। কখনও মেঘলা অল্প ক্ষণ ভয়ে একা ঘরে থাকত, অন্ধকারে নিজের ক্ষত মনে করত, কিন্তু অয়ন এসে হাত ধরে বলত, “দেখো, তুমি শুধু বেঁচে আছ না, তুমি জিতেছ। আর আমি তোমার সঙ্গে আছি।”
মেঘলা বুঝল, ভালোবাসা মানে শুধু চোখে দেখা নয়। ভালোবাসা মানে স্পর্শ, মানে বোঝাপড়া, মানে পাশে থাকা। অয়ন সঙ্গে তার ছোট ছোট মাখো-মাখো মুহূর্তগুলো—চায়ের কাপ ভাগাভাগি, আচার বানানোর সময় হাতের ছোঁয়া, রাতের বাতাসে একসঙ্গে দাঁড়ানো—সবই তাদের সম্পর্ককে আরও গভীর করে। প্রতিটি আলিঙ্গন ছিল শক্তি, প্রতিটি হাসি ছিল জয়।
তবে মেঘলার জীবন শুধু ব্যক্তিগত সুখের জন্য নয়। সে বুঝল, তার যন্ত্রণার ইতিহাস অন্যদের জন্য আলোকবর্তিকা হতে পারে। সে নিয়মিত মিলনাগার আয়োজন করল, যেখানে অ্যাসিড সারভাইভাররা আসত। তাঁদের সঙ্গে বসে সে বলত, “ভয় নয়, আপনি শক্তি, আপনি জীবন।” হাতের ছোঁয়া, শব্দের শক্তি, রান্নার আনন্দ সবই তাঁদের ভেতরের ভাঙন মেরামত করত।
মেঘলার গল্প ছড়িয়ে গেল। স্থানীয় সংবাদ, অনলাইন পোস্ট সব জায়গায় তাঁর উদাহরণ দেখানো হলো। মানুষ আসতে লাগল, সাহায্য চাইতে লাগল। সে দেখাল, আগুন, বিচারিক অন্যায়, সমাজের ফিসফাস সবকিছুকে জয় করা সম্ভব। আর জয় মানে নিজের শক্তি, নিজের হাসি, নিজের প্রেম।
একদিন হাগ ডে। অয়ন বলল, “আজ শুধু আমাদের ভালোবাসার দিন নয়, আমাদের জয় দিবস।” মেঘলা হেসে বলল, “আমরা শুধু বেঁচে নেই, আমরা আলিঙ্গন করেছি, আমরা জিতেছি।” তাঁরা একে অপরকে ধরে ধরল, হাতের তালুতে হাত। চোখ নেই, কিন্তু হৃদয় দেখে। মুখের দাগ, শরীরের ক্ষত, অন্ধত্ব সব মিলিয়ে তাঁরা একে অপরের পূর্ণ সমর্থন।
ছোট ঘরে সাজানো বোতল, আচার, বড়ি। পাশের বন্ধু, আত্মীয়। অয়ন বলল, “এবার আমরা একে অপরকে আবার জয় করব।” মেঘলা হেসে মাথা রাখল অয়নের বুকে। জল আছে চোখে না, কিন্তু হৃদয়ে আলো।
মেঘলা বুঝল আগুন তাঁকে পোড়াতে পারলেও, সমাজ তাঁকে নিরাশ করতে চাইলেও, আদালত তার ন্যায় দিতে ব্যর্থ হলেও, জীবন তাঁর নিজের হাতে। প্রতিটি দিন, প্রতিটি ছোট ছোট মুহূর্ত, প্রতিটি মাখো-মাখো আলিঙ্গন সবই তাঁর জয়।
তাঁর হাতের আচার এখন শুধু স্বাদ নয়, শক্তি। অন্যদের সাহায্য, ভালোবাসা, সাহস সবই তাঁর নতুন অস্ত্র। অয়ন সঙ্গে প্রতিটি হাসি, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি রাতের গল্প সবই জীবনের পূর্ণতা।
শেষে মেঘলা দাঁড়িয়ে আছে। চোখ অন্ধ, মুখ দাগে ভরা, শরীর ক্ষত, কিন্তু ভেতরে আলো। আগুন তাঁকে ভেঙেছে, কিন্তু ভেতরে জ্বলছে শক্তি। প্রেম, বন্ধু, সমাজ সব মিলিয়ে তার জীবন জয়ী।
মেঘলা জানে, চোখের অন্ধত্ব কিছুই নয়। কারণ হৃদয় দেখেছে, স্পর্শ অনুভব করেছে, জীবন জিতেছে। আর এই জয়ের আলোতে, প্রতিটি কোলাকুলি দিবস, প্রতিটি হাগ ডে, প্রতিটি ছোট ছোট মাখো-মাখো মুহূর্ত সবই চিরস্থায়ী।
মেঘলার গল্প শেষ নয়। এটি জীবন, প্রেম, শক্তি, বাঁচার এক অবিস্মরণীয় উদাহরণ। আগুন, অন্যায়, কষ্ট সব মিলিয়ে জীবনকে আলিঙ্গন করে, সে দাঁড়িয়ে আছে, হাসছে, প্রেমে মাখো-মাখো, সমাজে প্রভাব বিস্তার করছে। এভাবেই তাঁর জীবন চূড়ান্ত হ্যাপি এন্ড।
