আজকের দিনেবাংলার আয়না

নিমন্ত্রণে গিয়ে নিখোঁজ ব্যক্তি, পুকুরপাড়ে মিলল জুতো

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত বাঘার দুই অঞ্চলের হলদি দে’পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন জগদাবাদ গ্রামের বাসিন্দা সরজিৎ দালাল (৫৮)। সোমবার রাত থেকে তাঁর কোনও খোঁজ না মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সরজিৎ দালাল তাঁর এক ভাইপোর বাড়িতে গিয়েছিলেন। উপলক্ষ ছিল ভাইপোর নাতনির অন্নপ্রাশন অনুষ্ঠান। সন্ধ্যায় বাইক নিয়ে তিনি সেখানে পৌঁছান। রাত বাড়লেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর রাতেই আত্মীয়স্বজন ও গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজ শুরু করা হয়।

খোঁজাখুঁজির সময় বাড়ির কাছেই একটি পুকুরপাড়ে সরজিৎ দালালের বাইক ও জুতো পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখেই পরিবারের আশঙ্কা আরও বাড়ে। তাঁদের অনুমান, কোনওভাবে তিনি পুকুরে পড়ে যেতে পারেন। পাশাপাশি পরিবারের তরফে এটাও উড়িয়ে দেওয়া হচ্ছে না যে, তাঁকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে।

এই ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকাটি ঘিরে ধরে প্রাথমিক তদন্ত শুরু করে। মঙ্গলবার সকাল থেকে পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। দীর্ঘক্ষণ খোঁজ চললেও এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধারকাজে সিভিল ডিফেন্সকে ডাকা হয়। ডুবুরিরা পুকুরের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি পুকুর সংলগ্ন এলাকা ও আশপাশের পথঘাটেও নজরদারি চালানো হচ্ছে।

নিখোঁজ ব্যক্তির ভাইপো আদিত্য দালাল জানান, তাঁর কাকা সোমবার রাতে অন্নপ্রাশনের নিমন্ত্রণে এসেছিলেন। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পুকুরপাড়ে কাকার বাইক ও জুতো পাওয়া যায়, কিন্তু তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ রাত থেকেই তল্লাশি চালাচ্ছে। আপাতত ডুবুরি নামিয়ে পুকুরে খোঁজ চলছে।

এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক প্রশ্ন উঠছে দুর্ঘটনা না কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে দেওয়ানদিঘি থানার পুলিশ। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান এখনও জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *