আজকের দিনেবাংলার আয়না

অবৈধ নির্মাণের বলি রাজমিস্ত্রি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাড়ির ছাদের ঠিক মাথার উপর দিয়ে চলে গিয়েছিল ৩৩ হাজার ভোল্টের হাইভোল্টেজ বিদ্যুতের তার। সেই বিপজ্জনক পরিস্থিতিতেই কাজ করতে উঠে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসন থানার গোলাবাড়ির দাদার মোড় এলাকায়। মৃতের নাম সাইফুল ইসলাম।

সোমবার সকালে নির্মীয়মাণ একটি বাড়ির ছাদে কাজ করতে ওঠেন সাইফুল। অভিযোগ, বাড়িটি হাইটেনশন বিদ্যুতের তারের ঠিক নিচ দিয়ে তৈরি হচ্ছিল, যা সম্পূর্ণ বেআইনি। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছিল।

একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই গাফিলতির ফলেই আজ প্রাণ গেল এক শ্রমিকের এমনই অভিযোগ তাঁদের।

এলাকাবাসীর ক্ষোভ গিয়ে পড়ে নির্মীয়মাণ বাড়ির মালিকের উপর। তাঁদের দাবি, বিপদের কথা জানা সত্ত্বেও জোর করেই সাইফুলকে ছাদে কাজ করতে পাঠানো হয়েছিল। এক স্থানীয় বাসিন্দা বলেন, “টাকা আছে বলে কি মানুষের প্রাণ নিয়ে খেলবে? আমরা বারবার নিষেধ করেছি, বলেছি এখানে কাজ করা বিপজ্জনক।”

মৃতের পরিবারের সদস্যরাও দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মৃতের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি ওঠে। খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করতে গেলে জনতার বাধার মুখে পড়ে পুলিশ।

এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা এখন থমথমে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *