আজকের দিনেমনের জানালা

প্রাক্তনের নামে আরশোলা, মিরক্যাটের পাতে ‘রিভেঞ্জ’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রেমে ছ্যাঁকা খেয়েছেন? ভালোবাসার মরশুম এলেই কি প্রাক্তনের কথা মনে পড়ে রাগে ফুঁসতে থাকেন? চিন্তা নেই কোনও হিংসা বা উস্কানিমূলক ঘটনার খবর নয়, বরং একেবারে অভিনব ও পরিবেশবান্ধব উপায়ে ‘রিভেঞ্জ’ নেওয়ার সুযোগ এনে দিয়েছে পোল্যান্ডের একটি চিড়িয়াখানা।

ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন্স মাস। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার আগেই প্রেমভাঙার যন্ত্রণা অনেকের মাথায় চেপে বসে। রাস্তায় লাল গোলাপ, হাতে হাত ধরে ঘোরা যুগল সবই যেন অসহ্য লাগে। ঠিক সেই আবেগকেই কাজে লাগিয়ে মজার অথচ অভিনব উদ্যোগ নিয়েছে পোল্যান্ডের ওরিয়েন্টারিয়াম জু। এই চিড়িয়াখানার ‘রিভেঞ্জ অফার’-এ প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে একটি মাদাগাস্কার হিসিং আরশোলা দত্তক নেওয়ার সুযোগ রয়েছে। তবে আরশোলাটি আপনার ঘরে নয় থাকবে চিড়িয়াখানায়।

শেষপর্যন্ত সেটি খাদ্য হবে মিরক্যাটের। অর্থাৎ, আপনার রাগও মিটবে, আবার বন্যপ্রাণ সংরক্ষণের মতো মহৎ কাজেও অংশ নেওয়া হবে।
এই উদ্যোগ প্রথম নেওয়া হয়েছিল ২০২৩ সালে। মূল লক্ষ্য ছিল বন্যপ্রাণ সংরক্ষণ ও চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণের জন্য তহবিল সংগ্রহ। মাঝখানে কিছুদিন এই কার্যক্রম বন্ধ থাকলেও, ভ্যালেন্টাইন্স ডে-র আগে ফের তা চালু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে পোস্ট করে শুরু হয়েছে জোরদার প্রচার। বিভিন্ন প্যাকেজে মিলছে এই অভিনব ‘রিভেঞ্জ’-এর সুযোগ। ১২৯০ টাকা খরচ করলে প্রাক্তনের নামে একটি আরশোলা দত্তক নেওয়া যাবে। ৩৮৭০ টাকার প্যাকেজে মিলবে ওই আরশোলার ‘চরম পরিণতি’র ছবি-সহ প্রমাণ।
আর যাঁদের রাগ একেবারেই না মেটে, তাঁদের জন্য রয়েছে ৭,৭৪০ টাকার ভিআইপি প্যাকেজ যেখানে চোখের সামনেই মিরক্যাটকে খাওয়ানো হবে সেই নামাঙ্কিত আরশোলা।

ভ্যালেন্টাইন্স ডে ঘনিয়ে আসতেই পোল্যান্ডের এই অভিনব অফার সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। কেউ একে দেখছেন মজার প্রতিশোধ হিসেবে, কেউ আবার প্রশংসা করছেন বন্যপ্রাণ সংরক্ষণের নতুন পথ খোঁজার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *