সন্দেশখালিতে পুলিশের সাফল্য, ৬ ডাকাত গ্রেফতার
কিউ ইন্ডিয়া বাংলা :- সন্দেশখালি থানার পুলিশের তৎপরতায় বড় সাফল্য মিলল। ডাকাতির ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই লুঠ হওয়া সোনা-রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছিল সন্দেশখালি থানার মনিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি রাতে মনিপুর এলাকার একটি বাড়িতে গৃহকর্ত্রী-সহ তিনজন সদস্য উপস্থিত ছিলেন। সেই সময় ছয় জনের একটি সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙে বাড়িতে ঢোকে। অভিযোগ, ডাকাতরা গৃহকর্ত্রীকে মারধর করে এবং বাড়িতে থাকা সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা লুঠ করে পালিয়ে যায়। কান থেকে দুল ছিনিয়ে নেওয়ার সময় ওই মহিলা আহত হন।
এই ঘটনার পরই সন্দেশখালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। ঘটনার গুরুত্ব বুঝে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হয়। এর মধ্যেই সোমবার তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মঙ্গলবার বাকি তিন জনকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাখাঁ মহকুমার এসডিপিও কৌশিক বসাক জানান, তদন্ত শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই সন্দেশখালি ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ছয় ডাকাতকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে লুঠ হওয়া নগদ টাকা এবং সোনা-রুপোর গয়নাও উদ্ধার হয়েছে।
গ্রেফতার হওয়া ছয় জনকেই বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। ঘটনার শিকার পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা সন্দেশখালি থানার পুলিশের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।
