ফের অসুস্থ সৌগত রায়, ভর্তি হাসপাতালে
কিউ ইন্ডিয়া বাংলাঃ- ফের অসুস্থ তৃণমূলের সাংসদ সৌগত রায়। ইতিমধ্যে তাঁকে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে খাওয়াদাওয়া করেন। বাড়ি ফিরেই অসুস্থবোধ করতে থাকেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন সাংসদ।বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
রবিবার সন্ধ্যা থেকেই তিনি অস্বস্তি অনুভব করছিলেন। বয়সজনিত কারণ এবং দীর্ঘদিনের কিছু শারীরিক জটিলতা থাকায় কোনো ঝুঁকি নিতে চাননি পরিজনরা। হাসপাতালে ভর্তির পর তাঁর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
গত এক বছর ধরে বারবারই সৌগতবাবুর স্বাস্থ্যয়ের সমস্যা দেখা দিয়েছে। এর আগে গত জুলাই মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চিকিৎসকদের মতে, তিনি ‘টাইপ টু’ ডায়াবিটিসে আক্রান্ত, যা তাঁর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর চাপ সৃষ্টি করছে। গত জুন মাসেও একবার বুকে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল।
গত এপ্রিল মাসে উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় গাড়ি থেকে নামার মুখেই তিনি সংজ্ঞা হারান। সেই সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকরা তাঁর শরীরে স্থায়ী ‘পেসমেকার’ বসানোর সিদ্ধান্ত নেন। গত বছর মার্চ মাসে দিল্লির সংসদ ভবনে অধিবেশন চলাকালীনও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ফের একবার তিনি অসুস্থ হলেন।
