আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

TMC SYMBOL : প্রতীক কার হাতে? কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে নন্দীগ্রাম-রেজিনগরের ভাগ্য

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ঘাসফুল কার? উপনির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়েও কাটল না তৃণমূলের প্রতীক-জট (TMC SYMBOL )। কমিশনের সিদ্ধান্ত না আসায় নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থীদের ভবিষ্যৎ এখনও ঝুলে।

১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা নির্বাচন কমিশনের (TMC SYMBOL ) । কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। সূত্রের খবর, এদিন নন্দীগ্রামের দুই তৃণমূল প্রার্থীর মনোনয়ন স্ক্রুটিনিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিটার্নিং অফিসার জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার মধ্যে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। কালীঘাট তৃণমূলের সঞ্চিতা প্রধান দে নাকি ঋতব্রত শিবিরের মহম্মদ এহতেশামুল হক – কে ঘাসফুল প্রতীক (TMC SYMBOL ) নিয়ে লড়বেন, তার নিষ্পত্তি হতে পারে শুক্রবার।

তৃণমূলের প্রতীক-যুদ্ধ চলছে কয়েক মাস ধরেই। দফায় দফায় দু’পক্ষের কাছ থেকে নথি নিয়েছে কমিশন। বৃহস্পতিবারও দু’পক্ষকে ডেকে আলোচনা করেন কমিশনের কর্তারা। কমিশনের দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “যতরকম নথিপত্র চেয়েছিল কমিশন, আমরা সব পেশ করেছি। সামনে উপনির্বাচন। আশা করি, তার আগে সমাধান হয়ে যাবে। আমরাই প্রতীক পাব।”

পালটা কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওদের দাবি, প্রতীক সংক্রান্ত যাবতীয় মালিকানা নাকি ২০২৫ সালে শেষ হয়ে গিয়েছে। তাহলে ওরাই বা কীভাবে ঘাসফুল প্রতীক নিয়ে লড়বে? কমিশন এখনও কিছু জানাচ্ছে না। তবে প্রতীক আমরাই পাব।”

নিয়ম অনুযায়ী, ১৯ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত না হলে ঘাসফুল প্রতীকের মালিকানা থাকবে কালীঘাট তৃণমূলের হাতেই। সেক্ষেত্রে ঋতব্রতপন্থী প্রার্থীদের নির্দল হয়ে লড়তে হবে। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে কমিশন প্রতীক-জটের নিষ্পত্তি করে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *