আজকের দিনেবিশ্ব

হরমুজে ট্যাঙ্কারে হামলা, পাল্টা মার্কিন অভিযান— যুদ্ধের আশঙ্কার মাঝেই আলোচনায় বসছে ইরান-আমেরিকা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের মেঘ। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সামরিক অভিযান চালাল আমেরিকা। রবিবার ভোরে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ১৭ জুনের অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে। তবে রয়টার্স সূত্রে খবর, সংঘাত থামাতে কাতারে নতুন করে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশ।

বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে পানামা-ফ্ল্যাগযুক্ত একটি তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তার জবাবে ইরানের নজরদারি কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন ঘাঁটি ও সামরিক অবকাঠামোয় হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। CENTCOM জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পরই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়।

রবিবার ভোরে ফের উত্তেজনা চরমে ওঠে। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুদ্ধবিরতি না মানলে ইরানের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। দুপক্ষই একে অপরকে ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

তবে সংঘাতের মধ্যেই কূটনীতির দরজা খোলা রাখছে দুদেশ। রয়টার্সকে এক মার্কিন আধিকারিক জানান, “সমঝোতা স্মারকের সকল বিষয়ে কারিগরি আলোচনা অব্যাহত থাকবে। উভয় পক্ষ আপাতত হামলা স্থগিত রাখবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে”। কাতারে নতুন বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সংঘর্ষ বাড়লে সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতে। ইতিমধ্যেই তেলের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

পর পর হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ইরান-আমেরিকা আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে, তবুও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী ঘিরে সংঘাত বাড়লে তেলের দাম লাফিয়ে বাড়ার পাশাপাশি বিশ্ব বাণিজ্যেও বড় ধাক্কা লাগবে। আপাতত কাতারের বৈঠকের দিকেই তাকিয়ে বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *