জাপানও জিততে পারে, বলছেন জাপানি কোচ হাজিমে মরিয়াসু
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ব্রাজিলকে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার মেনেও ছেড়ে কথা বলতে নারাজ জাপান। ২৯ জুনের মহারণের আগে আত্মবিশ্বাসী জাপান কোচ হাজিমে মরিয়াসু জানালেন, তারাও পরের পর্যায়ে পৌঁছতে পারেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজিমে মরিয়াসু বলেন, ‘ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা। ব্রাজিল নিঃসন্দেহে চ্যাম্পিয়নশিপের দাবিদার, তবে আমরাও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারি।’
জাপান শিবিরে সেই বিশ্বাসই ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কোচ। এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপান ২৯ জুন জেতার মতো আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে। প্রস্তুতিও চলছে পুরোদমে।
উল্লেখ্য, জাপানের ফুটবল উন্নয়নে ব্রাজিলের অবদান কম নয়। ‘জে’ লিগ শুরুর সময়ে ব্রাজিলের বহু তারকা জাপানের ক্লাবে খেলেছেন। কিংবদন্তি জিকোও এক সময় জাপানের কোচ ছিলেন।
বিশ্বকাপের আগে শেষ প্রীতিম্যাচে জাপান ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়েছিল। সেই প্রসঙ্গে হাজিমে বলেন, ‘এর ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে, আবার ব্রাজিলও অত্যন্ত সতর্ক হয়ে মাঠে নামবে।’
২৯ জুন মাঠে কি দেখা যাবে সাম্বার ছন্দ, নাকি জাপানি বিস্ফোরণ? উত্তর পেতে অপেক্ষা করতেই হবে ফুটবলপ্রেমীদের।
