আজকের দিনেবাংলার আয়না

জাহাঙ্গিরের ‘বেতাজ বাদশা’ রাজ শেষ, ফলতাকে মডেল বানাতে একগুচ্ছ প্রকল্প মুখ্যমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ফলতা :- দক্ষিণ ২৪ পরগনার ফলতাকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার ব্লু-প্রিন্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার জনকল্যাণ শিবির থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, জাহাঙ্গির খানের ‘বেতাজ বাদশা’র দিন শেষ। এবার আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা ও শিল্পে বড় বদল আসবে ফলতায়।

মুখ্যমন্ত্রী জানান, ফলতা বিধানসভা কেন্দ্রকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এলাকার নিরাপত্তা জোরদার করতে ফলতা থানাকে আরও শক্তিশালী করা হচ্ছে। মহিলাদের জন্য থানায় আলাদা হেল্পডেস্ক খোলা হবে। স্বাস্থ্য ক্ষেত্রে বড় ঘোষণা করে তিনি বলেন, ফলতা গ্রামীণ হাসপাতালকে ১০০ বেডে উন্নীত করা হবে। থাকবে অভিজ্ঞ ডাক্তার ও আধুনিক চিকিৎসা সামগ্রী। পাশাপাশি এলাকায় জনৌষধি কেন্দ্রও গড়ে তোলা হবে। শিক্ষা ও পরিকাঠামোয় ফলতায় মহিলা কলেজ এবং ফায়ার ব্রিগেড স্টেশন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। শিল্পক্ষেত্রে ফলতার SEZ শিল্পতালুককে আরও সম্প্রসারণ করা হবে। বন্দরভিত্তিক প্রোগ্রামের পরিকল্পনাও রয়েছে।

প্রসঙ্গত, তৃণমূল আমলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নজরকাড়া কেন্দ্র ছিল ফলতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ চলত এখানে। প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খান ছিলেন এলাকার ‘বেতাজ বাদশা’। নির্বাচনে ব্যাপক গণ্ডগোলের পর পালিয়েও শেষরক্ষা হয়নি। এখন তিনি জেল হেফাজতে। বিজেপি লক্ষাধিক ভোটে জেতার পর এই প্রথম ফলতায় এসে উন্নয়নের প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

‘অভিষেকের ডায়মন্ড হারবার মডেল’ ভেঙে ফলতায় এবার ডবল ইঞ্জিন সরকারের মডেল গড়ার অঙ্গীকার করলেন শুভেন্দু অধিকারী। একগুচ্ছ প্রকল্পের ঘোষণায় ফলতাবাসীর প্রত্যাশা বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *