Howrah-Shootout : হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা-রুপো লুট, ব্যাগভর্তি গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শনিবার রাতে হাওড়ার সাঁকরাইল রানিহাটি পুরাতন বাজারে হাড় হিম করা ডাকাতি। দোকান বন্ধ করে বাইকে উঠতেই স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ারকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। প্রায় ২০০ গ্রাম সোনা, ৭-৮ কেজি রুপো ও নগদ ৫০-৬০ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে জাতীয় সড়কের দিকে চম্পট দেয় তারা। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে শনিবার রাত ৯টা ২০ নাগাদ। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাইকে উঠতে যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার। রানিহাটি মোড়ের দিক থেকে আসা রাস্তার উপর দোকান থেকে সামান্য দূরেই কয়েকজন যুবক দাঁড়িয়েছিল। বাইকের সামনে যেতেই হঠাৎ দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর।
পিঠে থাকা ব্যাগ টানা হিঁচড়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতেই পরপর কয়েক রাউন্ড গুলি চালায় তারা। দুটি গুলি এসে লাগে বাইকে। চিৎকার করে ওঠেন চন্দনবাবু। শব্দ শুনে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন এবং দুষ্কৃতীদের পিছন ধাওয়া করেন। কিন্তু বাইকে চেপে দুষ্কৃতীরা ততক্ষণে জাতীয় সড়কের দিকে পালিয়ে যায়।
চন্দন কাঁড়ার জানান, “বাইকের সামনের অংশ গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও রকমে প্রাণ বেঁচেছে। কিন্তু যা ছিল সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে।” তাঁর দাবি, ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা, ৭-৮ কেজি রুপো এবং নগদ ৫০-৬০ হাজার টাকা ছিল।
খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। ভিড় জমান স্থানীয় মানুষ। রাতেই সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বর্ণ ব্যবসায়ী।
প্রকাশ্য রাস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লুটের ঘটনায় রানিহাটি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জাতীয় সড়ক ধরে পালানোয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দিনের শেষে দোকান বন্ধের সময় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।
