আজ নয়! কেন হাজিরা এড়ালেন অভিষেক ?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর বিতর্ক মামলায় আজ, সোমবার বেলা ১২টা নাগাদ সিআইডি-র সদর দফতর ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ উপস্থিত হতে পারছেন না। এই মর্মে তাঁর পক্ষ থেকে সিআইডি-কে চিঠি দিয়ে অন্য একটি দিন চেয়ে আবেদন জানানো হয়েছে ।
এদিকে, এই হাইপ্রোফাইল মামলার তদন্তপ্রক্রিয়া আরও জোরদার করতে ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করেছে সিআইডি।
তদন্তে গতি আনতে ‘সিট’ গঠন
অভ্যন্তরীণ নির্দেশের ভিত্তিতে গঠিত এই বিশেষ দলের নেতৃত্বে রয়েছেন সিআইডি-র একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক। যদিও এর জন্য আলাদা কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে তদন্তের গুরুত্ব বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
হঠাৎ কী হলো অভিষেকের?
শনিবার সকালে দক্ষিণ কলকাতায় অভিষেকের বাসভবনে গিয়ে সোমবার দুপুর ১২টায় ভবানী ভবনে হাজির হওয়ার নোটিস দিয়েছিল সিআইডি। কিন্তু ওই দিনই বিকেলে ‘ভোট-পরবর্তী হিংসায়’ নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েন তৃণমূল সাংসদ। ঘটনার পর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন এবং সেই অসুস্থতার কারণেই আজ হাজিরা এড়ালেন তিনি।
কী এই ‘সই-বিতর্ক’?
গোটা ঘটনার সূত্রপাত রাজ্য বিধানসভায় জমা পড়া একটি চিঠিকে কেন্দ্র করে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচন সংক্রান্ত ওই চিঠিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে জল্পনা তৈরি হয়। অভিযোগ ওঠে, কিছু স্বাক্ষরের সত্যতা ঠিক নেই। এরপরই বিধানসভার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পরে তা হস্তান্তরিত হয় সিআইডি-র হাতে।
তদন্তের বর্তমান পরিস্থিতি: চিঠির স্বাক্ষরগুলো আসল কি না এবং পুরো প্রক্রিয়ায় কোনো জালিয়াতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বাহারুল ইসলামের মতো একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে তাঁদের বক্তব্য নথিবদ্ধ করেছে সিআইডি। কোন পরিস্থিতিতে এবং কী প্রক্রিয়ায় ওই চিঠিতে সই করা হয়েছিল—তা বিশদে জানার চেষ্টা চলছে।
আইনি তদন্তের পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অসুস্থতার কারণে অভিষেক আজ হাজিরা না দিলেও, আগামী দিনে এই মামলার জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
