আজকের দিনেভারত

পারিবারিক স্বাস্থ্য ও জনসংখ্যা বৃদ্ধিতে চাই ৩ সন্তানঃমোহন ভাগবত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- দেশের জনসংখ্যা নীতি এবং পারিবারিক কাঠামো নিয়ে ফের একবার বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বৃন্দাবনে একটি আশ্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, বর্তমান সময়ে ভারতীয় দম্পতিদের অন্তত তিনটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত। তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে।

ভাগবতের মতে, তিন সন্তান থাকলে শৈশব থেকেই তারা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে এবং সহাবস্থান করতে শেখে। এর ফলে ভবিষ্যতে তাদের বৈবাহিক জীবনে বিচ্ছেদের মতো জটিলতা কমে। তিনি দাবি করেন, অনেক চিকিৎসকও পারিবারিক স্বাস্থ্যের উন্নতির জন্য তিনটি সন্তানের কথা বলেন। তাঁর গাণিতিক ব্যাখ্যা অনুযায়ী, জনসংখ্যা নীতিতে ২.১ হারের অর্থ হলো দুইয়ের পর তৃতীয় সন্তানের প্রয়োজনীয়তা। আরএসএস প্রধান সতর্ক করে বলেন যে, বিশ্বের অনেক দেশেই এখন জনসংখ্যা বাড়ানোর জন্য দম্পতিদের উৎসাহিত করা হচ্ছে। জন্মহার ২.১ এর নিচে নেমে গেলে অনেক ভাষা ও সভ্যতা অতীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, যা ভারতের ক্ষেত্রেও আশঙ্কার।

জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এদিন ধর্মান্তরণ রোধেও সরব হন মোহন ভাগবত। তিনি বলেন, শুধু সরকারি আইন দিয়ে জোরপূর্বক ধর্মান্তরণ বন্ধ করা সম্ভব নয়, এর দায়িত্ব সমাজকেও নিতে হবে। যারা একসময় হিন্দু ছিলেন কিন্তু বর্তমানে অন্য ধর্মে চলে গিয়েছেন, তাঁরা যদি মূল স্রোতে ফিরতে চান তবে তাঁদের সসম্মানে স্বাগত জানানো উচিত। উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগেও একাধিকবার ভারতীয় নারীদের অধিক সন্তান ধারণের পক্ষে সওয়াল করেছেন সঙ্ঘপ্রধান। তাঁর মতে, ০.১ সন্তান হওয়া সম্ভব নয়, তাই বংশরক্ষা এবং দেশের ভারসাম্য বজায় রাখতে দুইয়ের গণ্ডি পেরিয়ে তিন সন্তানের লক্ষ্য নেওয়া জরুরি। বৃন্দাবনের এই অনুষ্ঠান থেকে মোহন ভাগবতের দেওয়া এই ‘পরামর্শ’ ইতিমধ্য়েই দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *