নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার নগদ ২৫ লক্ষ টাকা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউটাউন: রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই সক্রিয় হয়ে উঠেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। নির্বাচনের আগে কালো টাকা ও বেআইনি লেনদেন রুখতে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোরদার তল্লাশি। এরই মধ্যে শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টার ২-এর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। একটি অ্যাপ ক্যাবে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সুরাজ ঠাকুর নামে গুজরাটের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকো পার্ক থানার পুলিশ যৌথভাবে নিউটাউন সিটি সেন্টারের কাছে অভিযান চালায়। সন্দেহভাজন বেশ কিছু গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। একটি নির্দিষ্ট অ্যাপ ক্যাবের ডিকি খুলতেই উদ্ধার হয় থরে থরে সাজানো নোটের বান্ডিল। পুলিশি জিজ্ঞাসাবাদে চালক বা আরোহী কেউই ওই টাকার বৈধ উৎস দেখাতে পারেননি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে- উদ্ধার হওয়া টাকাগুলো কলকাতার বড়বাজার এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল। নিউটাউন এলাকায় কাউকে এই টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল। গাড়িতে থাকা গুজরাটের বাসিন্দা সুরাজ ঠাকুরকে গ্রেপ্তার করে ইকো পার্ক থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ধৃত সুরাজকে আজই বারাসত আদালতে তোলা হবে। ঘটনার নেপথ্যে কোনো বড় চক্র বা নির্বাচনী যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে শহর ও শহরতলির নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ টাকার কারবার রুখতে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও বাড়ানো হবে।
