১ রানের জন্য ত্রিশতরান হাতছাড়া সুদীপ ঘরামীর
কিউ ইন্ডিয়া বাংলা:- ইতিহাস তৈরি করা থেকে মাত্র ১ রান দূরে থামল সুদীপ কুমার ঘরামীর ইনিংস । রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধপ্রদেশ এর বিরুদ্ধে ২৯৯ এ থামলেন এই অভিজ্ঞ ক্রিকেটার । অল্পের জন্য হাতছাড়া হলো ত্রিশতরান ।
বাংলার তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল সুদীপের সামনে। দেবাঙ্গ গাঁধী ও মনোজ তিওয়ারি ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলার আর কেউই ত্রিশতরান করেননি। নতুন ইতিহাস তৈরি করার সুযোগ থেকে বঞ্চিত হলেন সুদীপ।
নৈহাটির সুদীপ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে নক আউট ম্যাচে ২৯৯ রান করলেন। ক্রিকেটের ইতিহাসে তাঁরে আগে মাত্র দুজন ব্যাটার প্রথম শ্রেণির ম্যাচে ২৯৯ রানে আউট হয়েছেন। প্রথমজন, কিংবদন্তি নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মার্টিন ক্রো । ১৯৯০-৯১ মরশুমে বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯ রানে আউট হন। যা ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ । ঘরোয়া প্রতিযোগিতায় এর আগে একবারই কোনও ব্যাটার ২৯৯ রানে আউট হয়েছিলেন, তিনি মাইক পাওয়েল। ২০০৬ সালে গ্ল্যামারগন বনাম গ্লস্টারশায়ার ম্যাচে ২৯৯ রানের ইনিংস এসে ছিল তার ব্যাট থেকে।
সুদীপ ঘরামী (২৯৯) ও শাকির গান্ধী (৯৫) , সুমন্ত গুপ্ত (৮১) , মহম্মদ শামি (৫৩) রানের সৌজন্যে অন্ধ্রপ্রদেশ এর প্রথম ইনিংসে ২৯৫ রানের জবাবে বাংলা রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে ৬২৯ রানের বিশাল ইনিংস খাড়া করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রানে এক উইকেট হারিয়ে ফেলেছে অন্ধ্রপ্রদেশ । বাংলার ইনিংস জয়ের সম্ভাবনা এই ম্যাচে বেশি।
