আজকের দিনেবাংলার আয়না

১৭ বছর পর নব রূপে ঘোলা মাতৃসদন হাসপাতাল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রায় ১৭ বছর বন্ধ থাকার পরে নতুন করে খুলতে চলেছে ঘোলা মাতৃসদন হাসপাতাল। উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দাদের জন্য সুখবর হিসেবে এই হাসপাতালটি আবার চালু হচ্ছে। পুরসভা জানিয়েছে, যত দ্রুত সম্ভব মাতৃসদনকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এর ফলে আইসিইউ, এইচডিইউ থেকে শুরু করে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ইএনটি, নেফ্রোলজি, ডার্মাটোলজি ও ডেন্টাল চিকিৎসাসহ ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার সুবিধাও পাওয়া যাবে।

ঘোলা থানার উল্টোদিকে, সোদপুর-মধ্যমগ্রাম রোডের ধারেই অবস্থিত এই মাতৃসদন হাসপাতাল। এক সময়ে এখান থেকেই বহু মহিলা চিকিৎসা পরিষেবা নিয়েছেন। কিন্তু বাম আমলের একেবারে শেষের দিকে আচমকা হাসপাতালটি বন্ধ হয়ে যায়। তারপরেও দু’-একবার চেষ্টা হয়েছে হাসপাতালটিকে পিপিপি মডেলে পুনরায় চালু করার। তবে সেই চেষ্টা সফল হয়নি।
পুরসভা সূত্রে জানা গেছে, নতুন করে চালু হবে ১০০ বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই উদ্যোগে পুর কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে একটি নামজাদা বেসরকারি সংস্থা। তাদের পরিকল্পনা ইতিমধ্যে লিখিত আকারে পুরসভায় জমা দেওয়া হয়েছে। প্রাথমিক খরচ ধরা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে প্রথম পর্যায়ে ১০ কোটি টাকা খরচ করবে বেসরকারি সংস্থা।

হাসপাতালের উন্নয়নের কাজ দুটি ধাপে হবে। প্রথম ধাপের কাজ শেষ হবে কাজ শুরুর ছয় মাসের মধ্যে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে পানিহাটির বাসিন্দারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাসহ বিশেষ ছাড় পাবেন।

পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে জানিয়েছেন, “পিপিপি মডেলে হাসপাতালটি চালু করার জন্য কাউন্সিলারদের নিয়ে বৈঠকে ঐকমত্যে পৌঁছানো গেছে। সেই অনুযায়ী একটি বেসরকারি সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে। তারা ইতিমধ্যে একটি প্রোজেক্ট রিপোর্ট জমা দিয়েছে। আমরা চাই খুব দ্রুত এই হাসপাতালটি চালু করতে।”

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর হাসপাতালটি চালু হলে পানিহাটির চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হবে। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মাল্টি স্পেশালিটি সুবিধার মাধ্যমে এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা আরও কাছে আসবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধুমাত্র মাতৃসদনই নয়, পুরো উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য পরিসেবা ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *