আজকের দিনেতিলোত্তমা

১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ বদলি শেষ করতে রাজ্যকে নির্দেশ কমিশনের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া :- বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশকর্মীর বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে।

এই মর্মে স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালিত হয়, সেই কারণেই নির্বাচন-সংযুক্ত পুলিশকর্মীদের দ্রুত বদলি অত্যন্ত জরুরি। আগেই এই বিষয়ে কমিশনের নির্দেশিকা জারি করা হয়েছিল। তারই ভিত্তিতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হল।

নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিংয়ের কাজ শেষ করে অবিলম্বে তার রিপোর্ট পাঠাতে হবে, যাতে তা নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার কাছে জমা দেওয়া যায়। কমিশনের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বা ঢিলেমি বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য প্রশাসনকে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের মুখে পুলিশের বদলি নিয়ে রাজ্যে বরাবরই বিতর্ক তৈরি হয়। নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এখন নজর, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য প্রশাসন কতটা দ্রুত এই নির্দেশ কার্যকর করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *