আজকের দিনেতিলোত্তমাভারত

হোয়াটসঅ্যাপ নির্দেশ ঘিরে নির্বাচন কমিশনকে নিশানা অভিষেকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবারও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করে তিনি সরাসরি কাঠগড়ায় তুলেছেন স্পেশাল রোল অবজারভার সি. মুরুগানকে। তাঁর অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না এবং অনানুষ্ঠানিক মাধ্যমে নির্দেশ জারি করছে।

অভিষেকের দাবি, হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে, যা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশিকার পরিপন্থী। তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্দিষ্ট সরকারি চ্যানেল মেনে যোগাযোগের উপর যখন ভারতের সুপ্রিম কোর্ট বারবার জোর দিয়েছে, তখন কীভাবে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে?

তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে, স্পেশাল রোল অবজারভার সি. মুরুগান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরাসরি মাইক্রো অবজারভারদের জন্ম শংসাপত্র গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দিচ্ছেন। অভিষেকের অভিযোগ, এর উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়ানো। তিনি আরও প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে মাইক্রো অবজারভারদের ভূমিকা সহায়ক, সিদ্ধান্তমূলক নয় তাহলে কোন নির্দেশে এবং কার অনুমতিতে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে?

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *