হাওড়া পুরসভার ওয়ার্ড বাড়ছে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নামও বদল
কিউ ইন্ডিয়া বাংলা :- শনিবার বিধানসভায় পেশ হতে যাচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বিল। একদিকে হাওড়া পুরসভার সংশোধনী বিল, অন্যদিকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল।
হাওড়া পুরসভার সংশোধনী বিল অনুযায়ী, পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হবে ৬৬। শুক্রবার হাওড়ায় সাংবাদিক সম্মেলনে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, “এই বিল নিয়ে বিধানসভায় আলোচনা হবে। মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতেই হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পরই হাওড়া পুরসভার ভোট কবে হবে, তা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।” অর্থাৎ চলতি বছর বিধানসভা নির্বাচনের পরই হাওড়া পুরসভার ভোট হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিলেন তিনি।
হাওড়ায় শেষবার পুরভোট হয়েছিল ২০১৩ সালে। ২০১৫ সালে হাওড়া পুরসভার সঙ্গে বালি যুক্ত করা হয়। সেই সময়ে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডকে ভেঙে ১৬টি ওয়ার্ড তৈরি করা হয় এবং সেগুলি হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০২১ সালে রাজ্য সরকার বালি ও হাওড়াকে পৃথক করার জন্য সংশোধনী বিল আনে। তবে সেই বিল পাস করাতে নবান্ন ও রাজভবনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। রাজ্যপাল তখন ছিলেন জগদীপ ধনকড়। ফলে হাওড়ার পুরভোট আটকে পড়ে।
এই জটিলতা কাটানোর উদ্দেশ্যেই শনিবার সংশোধনী বিলটি পেশ করা হচ্ছে। বিল পাস হলে তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজভবনের সবুজ সংকেত মিললে আইনি কোনো বাধা আর থাকবে না।
এদিন বিধানসভায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও আসছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে তা ‘মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব। স্থানীয়দের আবেগকে গুরুত্ব দিয়ে নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই দুটি বিল রাজ্য রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষাব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়লে ভোটারদের সঙ্গে প্রশাসনের সংযোগ আরও শক্তিশালী হবে। আর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মাধ্যমে স্থানীয় ঐতিহ্য ও আবেগকে সম্মান জানানো হচ্ছে।
