স্বচ্ছল হয়েও ভাতার আবেদন তরুণীর, বিতর্কে রাজ্যের নতুন প্রকল্প
কিউ ইন্ডিয়া বাংলা :- বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার জন্য সম্প্রতি রাজ্য সরকার চালু করেছে ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পে আবেদন করতে রাজ্যজুড়ে ক্যাম্পে ভিড় জমাচ্ছেন বহু তরুণ-তরুণী। সেই ভিড়ের মধ্যেই এক তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
অন্তর্বর্তী বাজেটে বেকারদের মাসিক ১৫০০ টাকা ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জানা গিয়েছিল, আগস্ট মাস থেকে টাকা দেওয়া হবে। পরে সিদ্ধান্ত বদলে ১ এপ্রিল থেকেই প্রকল্প চালুর কথা জানানো হয়। আবেদনপত্র জমা নেওয়ার জন্য বিধানসভা ভিত্তিক ক্যাম্প খোলা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করছেন ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা— কেউ ডাক্তারি পড়ছেন, কেউ এমএ পাশ, আবার কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
এই পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয় একটি ছবি। জানা যায়, সেটি আসানসোলের রবীন্দ্রভবনের ক্যাম্পের। ছবিতে দেখা যাচ্ছে জিন্স-টপ পরা এক তরুণী হাতে নথি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মোবাইলে কিছু দেখছেন। কিন্তু নেটিজেনদের নজর কাড়ে অন্য বিষয় তাঁর হাতে আইফোন এবং পকেট থেকে উঁকি দিচ্ছে দামী গাড়ির চাবি। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, আর্থিকভাবে স্বচ্ছল হয়েও কেন ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে?
এনিয়ে বিরোধীরা কটাক্ষ করে বলছে, রাজ্যে “ভাতার রাজনীতি” চলছে। অন্যদিকে অনেকে মনে করছেন, চাকরির প্রস্তুতি নিতে নানা পরীক্ষার ফর্ম, কোচিং ও যাতায়াতে খরচ হয় তাই সহায়তা হিসেবে ভাতা নিতে চাইছেন যুবক-যুবতীরা।
ভাইরাল ছবির ওই বিএসসি পড়ুয়া তরুণী জানান, সরকারি চাকরির পরীক্ষার ফর্ম পূরণ করতেও নিয়মিত টাকা লাগে, সবসময় পরিবারের কাছে চাইতে অস্বস্তি হয়। সরকারের সহায়তা পেলে সুবিধা হবে বলেই তিনি আবেদন করেছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন তাই তাঁরা খুশি।
