সোশ্যাল মিডিয়ার ভুয়ো গুজব স্পষ্ট করল লালবাজার
কিউ ইন্ডিয়া বাংলা :- জরুরি ভিত্তিতে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে স্পষ্ট জানাল কলকাতা পুলিশ। তাঁদের তরফে জানানো হয়েছে, তাঁরা কোনও নাগরিককে কখনও ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেয়নি এবং দিচ্ছেও না। যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রথমে ভারতের নির্বাচন কমিশন জানায়, এই শংসাপত্র গ্রহণ করা হবে। পরে কিছু কারণে তা গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়। আবার শেষপর্যন্ত নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই শংসাপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
কমিশন স্পষ্ট করে দেয় শুধুমাত্র জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের সই করা শংসাপত্রই বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে। অন্য কোনও কর্তৃপক্ষের সই করা সার্টিফিকেট গ্রাহ্য নয়। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, জরুরি ভিত্তিতে এই সার্টিফিকেট দিচ্ছে কলকাতা পুলিশ। সেই দাবি খারিজ করে লালবাজারের তরফে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী পুলিশ কেবল যাচাইয়ের তথ্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে পাঠায়, কোনও শংসাপত্র প্রদান করে না।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে,“আমাদের নজরে এসেছে কিছু মহল থেকে প্রচার চালানো হচ্ছে যে জরুরি ভিত্তিতে কলকাতা পুলিশ ডোমিসাইল সার্টিফিকেট প্রদান করছে। এই তথ্য সম্পূর্ণ ভুল। নিয়ম অনুযায়ী পুলিশ কেবল যাচাইয়ের তথ্য পাঠায়। কলকাতা পুলিশ কাউকে কোনও সার্টিফিকেট দেয়নি। ভুয়ো তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
