আজকের দিনেতিলোত্তমা

সিগন্যাল বিভ্রাটে থমকে ইস্ট-ওয়েস্ট মেট্রো

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এবার আর ব্লু লাইন নয়, সমস্যায় পড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রো। মঙ্গলবার আচমকাই সিগন্যালিং বিভ্রাটের জেরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে ব্যাহত হয় ট্রেন চলাচল। এই ঘটনার ফলে সেক্টর ফাইভের দিকে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে।

জানা যাচ্ছে, সেন্ট্রাল পার্ক স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় হঠাৎ গন্ডগোল দেখা দেয়। ঠিক সেই সময় একটি মেট্রো ট্রেন বেরোচ্ছিল। আচমকাই সেটি দাঁড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণেই এরপর সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।
মঙ্গলবার ছিল ব্যস্ততম কর্মদিবস। অন্যান্য দিনের মতোই বিকেলের পর অফিসফেরত যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঠিক সেই সময় মেট্রো বিভ্রাট হওয়ায় চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অনেকেই স্টেশনে আটকে পড়েন, কেউ আবার বিকল্প যান খুঁজতে বাধ্য হন।

এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেট্রোর ইঞ্জিনিয়াররা। সিগন্যালিং ত্রুটি মেরামতের কাজ শুরু হয়েছে। তবে পরিষেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

এদিকে যাত্রীদের ক্ষোভও প্রকাশ্যে আসে। এক অফিসফেরত যাত্রী বলেন, “কী সমস্যা হয়েছে কেউ কিছু বলছে না। ৩০ টাকার টিকিট কেটেছিলাম, রিটার্ন দিয়েছে ১৫ টাকা। পুরো টাকা ফেরত দেবে না কেন?”

অন্যদিকে এক কলেজ পড়ুয়া জানায়, “কাল সকালে কলেজ আছে। এখনও বাড়ি ফিরতেই পারলাম না।” সিগন্যালিং বিভ্রাটের জেরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই আচমকা পরিষেবা বিঘ্নে মঙ্গলবার সন্ধ্যায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *