আজকের দিনেবাংলার আয়না

সার্ভেন্ট কোয়ার্টার থেকে উদ্ধার আয়ার কঙ্কাল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দুর্গাপুর ইস্পাত হাসপাতালের এক আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর থানার ইস্পাত নগরীর ডি-সেক্টর মার্কেটে। মৃতার নাম ছবি দাস (৫৫)। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে একটি এজেন্সির মাধ্যমে আয়ার কাজ করতেন।

স্থানীয়দের অভিযোগ, ছবি দাস তাঁর পুরুষসঙ্গী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে ডি-সেক্টরের আইএনটিটিইউসি কার্যালয়ের পাশে ডিএসপি আবাসনের সার্ভেন্ট কোয়ার্টারে থাকতেন। বুধবার সকালে ওই কোয়ার্টার থেকে তীব্র পচা গন্ধ পেয়ে স্থানীয়রা ভেতরে ঢুকে দেখেন, একটি ঘরে প্রায় কঙ্কাল হয়ে যাওয়া দেহ পড়ে রয়েছে। দেহের চারপাশে ছড়ানো ছিল প্রচুর নুন, যাতে গন্ধ না ছড়ায় বলে অনুমান।

অন্য ঘরে তখনও ছিলেন প্রদীপ চক্রবর্তী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং প্রদীপকে আটক করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, প্রদীপের মদ্যপান নিয়ে প্রায়ই ছবি দাসের সঙ্গে ঝামেলা হত। পাশাপাশি টাকা-পয়সা সংক্রান্ত বিবাদও চলছিল কয়েক মাস ধরে। তাঁদের অভিযোগ, খুনের পর দেহের গন্ধ ঢাকতেই নুন ছড়ানো হয়েছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় এক মাস আগে ছবি দাসের মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশের সিআই (এ) রনবীর বাগ জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *