সরস্বতী পুজোর বিসর্জনে অশান্তি, ইটবৃষ্টি–লাঠিচার্জে রণক্ষেত্র কৃষ্ণনগর
কিউ ইন্ডিয়া বাংলা :- সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে দুই ক্লাবের সদস্যদের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ল নদিয়ার কৃষ্ণনগরে। ঘটনাটি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, পরিস্থিতি এক সময় রণক্ষেত্রের মতো হয়ে যায়। ইটবৃষ্টি শুরু হয়, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। রবিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অশান্তির জেরে কিছু সময়ের জন্য প্রতিমা বিসর্জন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের বিসর্জন শুরু হয়।
উল্লেখ্য, কৃষ্ণনগরে এর আগেও কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় অশান্তির ঘটনা ঘটেছিল। সেবার পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। সেই ঘটনাগুলি ঘিরে রাজনৈতিক তরজাও দেখা গিয়েছিল। এবার সরস্বতী পুজোর বিসর্জনেও একই ছবি দেখা গেল।
কোতোয়ালি থানা এলাকায় প্রতি বছরই ধুমধাম করে সরস্বতী পুজো হয়। রবিবার ছিল সেই এলাকার বিসর্জন পর্ব। সন্ধ্যা থেকেই শতাধিক ক্লাব ও বারোয়ারির প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। শুরুতে সব কিছু স্বাভাবিক থাকলেও গভীর রাতে সমস্যা শুরু হয়।
অভিযোগ, কোতোয়ালি থানার সামনেই ষষ্ঠীতলা বারোয়ারি ও গেট রোড বারোয়ারির সদস্যদের মধ্যে বিবাদ বাধে। প্রথমে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এমনকি কিছু ক্লাব সদস্য ভয়ে রাস্তায় প্রতিমা রেখেই পালিয়ে যান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। প্রতিমা দেখতে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজনও ভয় পেয়ে এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে জানা গিয়েছে। পরে পরিস্থিতি শান্ত হলে আবার বিসর্জন প্রক্রিয়া শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশান্তি ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
