শেয়ার-টাকা উভয়েই বাজিমাত, ট্রাম্প-মোদি চুক্তিতে উল্লসিত বাজার
কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরোপিত শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামানোর ঘোষণা দেওয়ার পর ভারতের শেয়ার বাজারে উল্লাসের ঢেউ বয়ে গেছে। সোমবার রাতের আলাপচারিতার পর মঙ্গলবার সেনসেক্স এক ধাক্কায় প্রায় ৩,৬০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫,০০০ পয়েন্টের কাছে। নিফটিও পিছিয়ে নেই; এটি ১,২০০ পয়েন্ট বেড়ে ২৫,৭৬০.৫০-এ পৌঁছেছে। বিনিয়োগকারীরা এই উত্থানে খুশিতে ভাসছেন।
সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স ৩,৬৪৭ পয়েন্ট বা ৪.৪৭ শতাংশ বেড়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমলেও তা বড় অঙ্কেরই ট্রেডিংয়ে রইল। সকাল ১০.৫০ নাগাদ সেনসেক্স ২২২৯.৮৬ পয়েন্ট বেড়ে ৮৩,৮৯৬.৩২-এ ট্রেড করছিল। নিফটির সূচক ৬৭২.১০ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ বেড়ে ২৫,৭৬০.৫০-এ পৌঁছেছে।
শেয়ার বাজারে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আদানি এন্টারপ্রাইস, আদানি গ্রিন, আদানি এনার্জি, লোধা, ওয়ারি এনার্জি এবং গোদরেজের শেয়ার। এগুলির দাম বেড়েছে ৭ থেকে ১২ শতাংশ। অন্যদিকে, ভারত পেট্রোলিয়াম, ওএনজিসি, কোল ইন্ডিয়া, হিন্দুস্থান জিঙ্ক, এশিয়ান পেন্টের মতো শেয়ারগুলোতে ১ থেকে ২ শতাংশের সামান্য পতন দেখা গেছে।
শেয়ার বাজারের পাশাপাশি টাকার দামেও প্রভাব পড়েছে। সোমবার ডলার ৯১.৪৯ টাকায় ছিল। গভীর রাতে ট্রাম্পের শুল্ক হ্রাস ঘোষণার পর মঙ্গলবার ডলারের দাম ১.০৯ টাকা কমে ৯০.৪০ টাকায় নেমেছে।
দীর্ঘ টালবাহানার পর ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে। শুল্ক কমানো ছাড়াও এই চুক্তিতে যুক্ত হয়েছে ভারতের রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করা এবং আমেরিকার কাছ থেকে বড় পরিমাণ তেল কেনা। এছাড়া ভারতের আমদানি হবে আমেরিকার থেকে ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্য। এই চুক্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট অনুযায়ী, মোদি রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করতে রাজি হয়েছেন এবং আমেরিকার পাশাপাশি সম্ভাব্যভাবে ভেনেজুয়েলার কাছ থেকেও তেল কিনবেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শুল্ক হ্রাসের জন্য মোদিই তার কাছে অনুরোধ জানিয়েছিলেন।
কিন্তু কংগ্রেসসহ বিরোধী দলগুলো এই চুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেছে। তাদের বক্তব্য, শুল্ক কমেছে ঠিকই, কিন্তু ভারতের স্বাধিকার ও সম্মান কমে গেছে। বিরোধীরা দাবি করছে, মোদি সরকারের সময় দেশ ট্রাম্প নির্ভর হয়ে যাচ্ছে।
সোমবার বাজেট ঘোষণার পরের দিনই শেয়ার বাজার এবং টাকার দাম উভয়ই বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স ৮১,৬৬৬.৪৬ পয়েন্ট থেকে ৩,৬০০ পয়েন্টের বৃদ্ধি পেয়ে ৮৫,০০০ পয়েন্টের কাছে পৌঁছেছে। নিফটিও সোমবারের ২৫,০৮৮.৪০ থেকে ১,২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই উত্থানকে বিনিয়োগকারীরা স্বাগত জানিয়েছেন।
