শালিমারে লাইনচ্যুত ফাঁকা লোকাল
কিউ ইন্ডিয়া বাংলা :- শালিমার রেলওয়ে স্টেশন–এ ভয়ংকর দুর্ঘটনা। স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। তবে স্বস্তির খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম।
রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা ট্রেনটি। তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে আচমকাই ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পর কামরাটি ঘষতে ঘষতে কিছুটা এগিয়ে যায়। এর জেরে প্ল্যাটফর্মের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায় কিছু অংশ।
হঠাৎ বিকট শব্দে স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে তিন নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্য প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত কামরাটি সরানোর কাজ শুরু হয়েছে এবং দ্রুত প্ল্যাটফর্মটি চালু করার চেষ্টা চলছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
