রেলে চাকরি পেয়ে আবাস যোজনার টাকা ফেরত দিল পরিবার
কিউ ইন্ডিয়া বাংলা: – রাজ্যের মধ্যে বিরল নজির গড়লেন নন্দীগ্রামের এক ব্যক্তি। ছেলে সরকারি চাকরি পেতেই পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা ফেরত দিলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া এলাকার বাসিন্দা সুনীল মণ্ডল । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা নন্দীগ্রামে ।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া এলাকার বাসিন্দা সুনীল মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেছিলেন। আর তার আবেদন মত প্রথম কিস্তির ৬০০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল । বাড়ি তৈরীর কাজে হাত দেবেন বলে সবকিছু ঠিকঠাক করা হয়ে গেছিল। কিন্তু ছেলে রেলের চাকরি পাওয়ায় বাবা সুনীল মণ্ডল স্থানীয় বিডি অফিসে গিয়ে সরকারি বাড়ি প্রকল্পের টাকা ফেরত দিয়ে এলেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল মণ্ডল বলেন ” ছেলে যেহেতু ভালো সরকারি চাকরি পেয়েছে তা সরকারের টাকা সরকারকে ফেরত দেওয়া উচিত। ছেলে রেলে চাকরি পেয়েছে, বাড়ি তৈরির জন্য সরকারি টাকার আর প্রয়োজন হবে না । ছেলে ধীরেসুস্থে বাড়ি বানিয়ে নিতে পারবে”।
একসময়ে এক চিলতে মাটির বাড়িতে থাকতে হতো সুনীল মন্ডলের পরিবারকে। সেই সময়ই পাকা বাড়ির স্বপ্ন নিয়ে বাংলার ঘরের আবেদন করেন তিনি । তবে ছেলে চাকরি পাওয়ায় সেই সেই প্রকল্পের টাকা সরকারের কাছে জমা করেন।
ঘটনা প্রসঙ্গে জয়েন্ট ভিডিও গোপীনাথ সোরেন বলেন ” এভাবে সরকারি প্রকল্পের টাকা ফেরত দেওয়া সততার অন্যতম নজির”।
