আজকের দিনেগ্রীন রুম

রাহুল রায়ের বিপদে নিঃশব্দে “ভাইজান”

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিপদের দিনে যাঁরা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান, তাঁরাই সত্যিকারের বন্ধু। বলিউডে সেই তালিকায় বরাবরই উপরের দিকে থাকেন ‘ভাইজান’ সলমন খান। তাঁর মানবিকতার আরও এক নজির সামনে আনলেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়।

‘আশিকি’ ছবির মাধ্যমে একসময় দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন রাহুল। তবে সময়ের সঙ্গে তিনি ইন্ডাস্ট্রি থেকে কিছুটা সরে যান। এর মাঝেই একাধিক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয় তাঁকে। পরিস্থিতি ভয়াবহ আকার নেয় ‘এলএসি’ ছবির শুটিং চলাকালীন। শুটিং সেটেই আচমকা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছনোর পরই জরুরি ভিত্তিতে তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয় এবং শুরু হয় দীর্ঘ চিকিৎসা।

চিকিৎসার খরচ ক্রমশ বাড়তে থাকায় চাপে পড়ে যায় রাহুলের পরিবার। হাসপাতালের বিল পৌঁছে যায় বিপুল অঙ্কে। ঠিক সেই সময়ই নিঃশব্দে পাশে দাঁড়ান সলমন খান। কোনও প্রচার বা আলোচনার তোয়াক্কা না করে, হাসপাতালের সমস্ত বকেয়া বিল নিজেই মিটিয়ে দেন তিনি।

এই ঘটনাটি এতদিন প্রকাশ্যে আসেনি। কারণ সলমন নিজে কখনও এই বিষয়টি সামনে আনতে চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলের বোন প্রিয়াঙ্কা জানান, “ওঁর মতো বড় মনের মানুষ খুব কমই আছেন। যতটা বিল বাকি ছিল, এক মুহূর্তে সব শোধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, নিজে থেকেই বারবার ফোন করে খোঁজ নিতেন, কোনও সাহায্য দরকার কিনা। পরে যেটুকু বাকি ছিল, সেটাও উনিই মিটিয়ে দেন।”

এই ঘটনার পর সলমনের প্রতি কৃতজ্ঞতায় ভরেছেন রাহুল রায়ও। তাঁর কথায়, “অনেকে ওঁর নানা সমালোচনা করেন। কিন্তু আমার অভিজ্ঞতা একেবারেই আলাদা। আমার কাছে সলমন খান একজন অত্যন্ত ভাল মানুষ।”

বিতর্কের আড়ালে থাকা এই মানবিক মুখই আবারও মনে করিয়ে দিল তারকাদের পরিচয় শুধু পর্দায় নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও লুকিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *