আজকের দিনেবাংলার আয়না

রাতের অন্ধকারে হোটেল ব্যবসায়ী খুন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে বুধবার রাতের অন্ধকারে একটি ভয়াবহ ঘটনা ঘটে। হোটেল ব্যবসায়ী রাহুল বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নতুন ডাকবাংলা জাতীয় সড়কের পাশে এই হত্যাকাণ্ড এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল বিশ্বাস সামসেরগঞ্জের তারবাগান এলাকার বাসিন্দা এবং পেশায় হোটেল ব্যবসায়ী। এর আগে তিনি পাতার ব্যবসা করতেন। সম্প্রতি জাতীয় সড়কের পাশে হোটেল চালু করেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলে বসে থাকার সময় হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী তাঁর দিকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। পরপর গুলিতে রাহুল ঝাঁঝরা হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি ঘটায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতেই রাহুলের মৃত্যু হয়।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।চিৎকার-চেঁচামেচিতে দুষ্কৃতীরা দ্রুত পালিয়ে যায়। তড়িঘড়ি খবর পেয়ে ফরাক্কা এসডিপিওসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্তদের খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এই ঘটনার পর এলাকায় সবাই ভয়ে রয়েছেন। তাঁরা আশা করছেন পুলিশ দ্রুত দোষীদের ধরবে এবং দোষীরা সাজা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *