রাজ্যস্তরের তিরন্দাজি প্রতিযোগিতায় বীরভূমের পাঁচ পদক …..
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য তিরন্দাজি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত রাজ্যস্তরের তিরন্দাজি প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেল বীরভূম জেলা। পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বীরভূমের প্রতিযোগীরা মোট পাঁচটি পদক জিতে জেলার ক্রীড়ামহলে গর্বের মুহূর্ত তৈরি করেছেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি থেকে কালিম্পং জেলা তিরন্দাজি সংস্থার পরিচালনায় কালিম্পং মেলার মাঠে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪০০-রও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।
বীরভূম জেলা থেকে তিনটি বিভাগে মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে সিনিয়র পুরুষদের রিকার্ভ বিভাগে সাঁইথিয়ার বাসিন্দা সৌভিক মণ্ডল রুপো পদক জয় করেন। মিনি সাব-জুনিয়র রিকার্ভ বালিকা বিভাগে বোলপুরের সৌমিলি চৌধুরী রুপো পদক লাভ করেন। সিনিয়র কম্পাউন্ড মহিলা বিভাগে প্রেরণা বটব্যাল রুপো এবং সিনিয়র কম্পাউন্ড পুরুষ বিভাগে দীপক সাঁতরা ব্রোঞ্জ পদক অর্জন করেন। এছাড়া ইন্ডিয়ান রাউন্ডের মিনি সাব-জুনিয়র বালিকা বিভাগে দিয়া কর্মকার ব্রোঞ্জ পদক জিতে নেয়। সৌভিক মণ্ডল ছাড়া বাকি চারজনই বোলপুরের বাসিন্দা।
এই প্রতিযোগিতায় বীরভূমের আর এক কৃতী তিরন্দাজও নজর কাড়েন। লাভপুরের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা এবং কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলের প্রাক্তন ছাত্র নাজমুল হক ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির হয়ে অংশ নিয়ে সিনিয়র রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন।
জেলা তিরন্দাজি সংস্থার সম্পাদক ও রাজ্য তিরন্দাজি সংস্থার সহ-সভাপতি তাপস হাজরা জানান, সরকারি কোনও আর্থিক সহায়তা ছাড়াই এই প্রতিযোগীরা রাজ্যস্তরে পদক জিতে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাঁর কথায়, “এই তিরন্দাজরা এর আগেও জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাঁদের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।”
বীরভূমের এই সাফল্য আগামী দিনে জেলার তিরন্দাজি খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
